সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ মার্চ: সভাপতির রদ বদল, আলোরানী সরকারকে সরিয়ে নতুন সভাপতি করা হল গোপাল শেঠকে। তৃণমূলের উত্তর ২৪ পরগনার বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি পদে বদল ঘটানো হল। আলোরানী সরকারকে সরিয়ে নতুন সভাপতি হলেন গোপাল শেঠ। মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চ থেকে দলের কর্মসূচিতে এই ঘোষণা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক পুরসভা নির্বাচনে বনগাঁ নিয়ে দলের কাছে অনেক অভিযোগ জমা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হল বলে দলীয় সূত্রে জানাগেছে।
এদিন কলকাতায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় সভাপতি বদলের কথা ঘোষণা করেন, তখন নবনির্বাচিত সভাপতি গোপাল শেঠ বনগাঁর ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত এলাকার মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবসে মমতা ব্যানার্জি আমাকে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব অর্পণ করলেন। আমি এই দায়িত্ব নিষ্ঠাভরে পালন করবো।’
এতোদিন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার কোনও কমিটি গঠন করা হয়নি। এই সম্পর্কে নতুন সভাপতি গোপাল শেঠকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আগের সভাপতি কি করেছেন, সেই বিষয়ে কোনও মন্তব্য করব না। আমি সবাইকে সঙ্গে নিয়ে তৃণমূল স্তর থেকে দলকে সাজিয়ে তুলবো। দলের নির্দেশ মতো কমিটি গড়ে দলকে সমৃদ্ধ করবো।’
এদিন দলের পক্ষ থেকে নব নির্বাচিত জেলা সভাপতিকে ফুলের মালা পরিয়ে, সবুজ আবির মাখিয়ে বরণ করে নেন দলীয় কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন দলের বিধায়ক বিশ্বজিৎ দাস, পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ ঘোষ, জেলা পরিষদ সদস্য শ্যামল রায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সোমেন দত্ত প্রমুখ।

