বিস্ফোরণে কাঁপলো গলসি

আমাদের ভারত, গলসি, ৫ এপ্রিল: ফের বর্ধমানে বোমা বিস্ফোরণ। রবিবার রাতে বর্ধমানের গলসির আটপাড়া এলাকা বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে। যদিও ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গলসি থানার পুলিশ। তবে কে বা কারা সেখানে বোমা রেখে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ। ঘটনায় গলসি থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, রবিবার রাতের দিকে গলসি এক নম্বর ব্লকের আট পাড়া গ্রামে একটি পুকুর পাড় সংলগ্ন এলাকায় বোমা বিস্ফোরণ হয়। বোমা বিস্ফোরণে গোটা গ্রাম কেঁপে ওঠে। জানাগেছে, শেখ ফটিকের বাড়ি লাগোয়া পুকুরপাড় সংলগ্ন এলাকায় একটা গর্ত করা ছিল। সেই গর্তে জ্বালানির কাঠ রাখা ছিল। অনুমান সেই কাঠের তলায় বোমা রাখা ছিল। বিস্ফোরণের জেরে জ্বালানি কাঠ চারিদিকে ছিটকে যায়। সেখানে কতগুলি বোমা রাখা ছিল তা জানা যায়নি। তবে কে বা কারা কেন বোমাগুলি রেখেছিল তার তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা সুতনু চৌধুরী বলেন, রাতের দিকে গ্রামে কয়েকজনের সঙ্গে গল্প করছিলাম। হঠাৎ প্রচন্ড বিস্ফোরণে গোটা গ্রাম কেঁপে ওঠে। ঘটনার জেরে আমরা আতঙ্কিত।

প্রসঙ্গত, দিন কয়েক আগে বর্ধমান শহরের রসিকপুর এলাকায় বোমা বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়। আহত হয় আরও এক শিশু। এছাড়া গত বছরের সেপ্টেম্বর মাসে গলসির একটা শিশু শিক্ষাকেন্দ্রের বাথরুমে বোমা বিস্ফোরণ ঘটেছিল। বারবার কেন বর্ধমানে বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *