পেট্রাপোল সীমান্ত থেকে প্রায় ২ কোটি টাকার সোনা উদ্ধার, গ্রেফতার ২ পাচারকারী

সুশান্ত ঘোষ, বনগাঁ, ২০ জুলাই: সাড়ে তিন কেজি সোনা-সহ দুই পাচারকারী গ্রেফতার সীমান্তে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার পেট্রাপোলের। ধৃত দুই পাচারকারীর নাম সুমন তরফদার এবং আশিস হালদার। উদ্ধার হওয়া সোনা কাস্টমসের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

জানাগেছে, ৩০টি সোনার বিস্কুট নিয়ে মোটরবাইকে চড়ে সোমবার বাংলাদেশ থেকে পেট্রাপোল দিয়ে ভারতে ঢোকে দুই পাচারকারী। কিন্তু সে সময় পেট্রাপোল সীমান্তে বিএসএফের ১৭৯ ব্যাটালিয়ানের জওয়ানদের কাছে ধরা পড়ে যায়।

রুটিন তল্লাশি চলাকালীন ওই দুই পাচারকারীর কাছ থেকে ৩০ টি সোনার বিস্কুট উদ্ধার হয়। উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় সাড়ে তিন কেজি। যার বাজারমূল্য ১ কোটি ৭২ লক্ষ ৬০ হাজার টাকা বলে জানা গিয়েছে। বিএসএফ তাদের আটক করে তুলে দেয় পেট্রাপোল থানার পুলিশের হাতে। উদ্ধার করা সোনাও পেট্রাপোল কাস্টমসের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *