আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৪ অক্টোবর: জমি বিবাদের জেরে খুন হলেন এক স্বর্ণ ব্যবসায়ী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার ঈশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামবসুরচক গ্রামে। নিহত ব্যবসায়ীর নাম প্রসুন মন্ডল (৪৯)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করলেও এই ঘটনায় সোমবার সন্ধে পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিবেশী উৎপল মন্ডল ও নিমাই মন্ডলের সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা চলছিল প্রসূনের। এদিন কুলপি ব্লক ভূমি ও ভূমি সংস্কার অফিসে কাগজ জমা দেওয়ার দিন ছিল। সেই মত জমির কাগজ নিয়ে ভূমি সংস্কার দফতরে যাচ্ছিলেন প্রসূন। বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার উপর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে দুষ্কৃতিরা। ঘটনায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কুলপি থানার পুলিশকে খবর দেয়, পাশাপাশি স্থানীয়রা নিজেরাই তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এবং ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
অন্যদিকে নিহতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী উৎপল মন্ডল, নিমাই মন্ডল, সৈফুদ্দিন পুরকাইত, ফকির পুরকাইত রাস্তার উপর ঘিরে ধরে খুন করেছে প্রসূনকে। ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

