সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ নভেম্বর: ভারত- বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৬০ লক্ষ টাকার সোনার গুড়ো উদ্ধার করল বিএসএফ। গ্রেফতার করা হয় এক পাচারকারীকে। রবিবার রাতে উত্তর ২৪ পরগণার পেট্রাপোল সীমান্ত থেকে সোনার গুড়ো সহ পামবাথুভালাপ্পিল সুলাইমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বিএসএফ জানিয়েছে, ওই পাচারকারী কেরালার ত্রিশুর জেলার বাসিন্দা।
বিএসএফ সূত্রের খবর, এদিন রাতে বাংলাদেশ থেকে ওই পাচারকারী ভারতে আসছিল। প্রতিদিনের মতো এদিনও বিএসএফ জওয়ানরা মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালায়। তাতেই ধরা পড়ে তাঁর অন্তর্বাসে কোনো কিছু লুকিয়া রাখা আছে। এরপর ক্যাম্পে নিয়ে গিয়ে তাঁর অন্তর্বাস থেকে সাদা প্লাস্টিকে মোড়া ৯৪৯ গ্রাম সোনার গুড়ো উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। এই নিয়ে এই সপ্তাহে তিন জন পাচারকারী সহ প্রচুর সোনা উদ্ধার করেছে বিএসএফ।

বিএসএফের জিজ্ঞাসাবাদে পাচারকারী জানিয়েছে, সে যখন দুবাই থেকে বিমানে আসছিল, তখন তাঁর বন্ধু ওই প্যাকেটটি দিয়েছিল। এই কাজের জন্য তাকে ২০ হাজার টাকাও দেবে বলেছিল। দুবাই থেকে বিমান করে বাংলাদেশের ঢাকায় নামে। এরপর বিমানবন্দর থেকে বাস ধরে বেনাপোলে পৌছায়। যখন সে নিরাপত্তা চেকিং এলাকা অতিক্রম করার চেষ্টা করছিল, তখন প্যাসেঞ্জার টার্মিনালে কর্তব্যরত জওয়ানরা ওই ব্যক্তিকে তল্লাশি করে সোনা সহ তাকে আটক করে।
শ্রী এ কে আর্য, ডিআইজি, জনসংযোগ আধিকারিক, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার, বিএসএফ সৈন্যদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, কুখ্যাত চোরাকারবারিরা গরিব ও নিরীহ মানুষকে অল্প পরিমাণ অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে। তাই তারা দরিদ্র মানুষদের টার্গেট করে। তিনি সীমান্তে বসবাসকারী লোকদের কাছে আবেদন করেন যে যদি সোনা চোরাচালান সংক্রান্ত কোনও তথ্য তাদের নজরে আসে তবে তারা যেন বিএসএফের সঙ্গে যোগাযোগ করেন।

