পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১১ নভেম্বর: পুলিশি ঘেরাটোপ টপকে দিনের আলোতেই একাধিক ছিনতাইয়ের ঘটনা বোল্লা মেলায়। পুজো দিতে গিয়ে মহিলারা হারালেন সোনার গয়না। শুক্রবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে বোল্লা মন্দির সংলগ্ন এলাকায়। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পূন্যার্থীরা। দিনের আলোতে পুলিশের নজর এড়িয়ে কিভাবে একাধিক মহিলার সোনার গয়না ছিনতাই হল তা নিয়েই সরব হন এদিন বোল্লা পুজো দিতে আসা পূন্যার্থীরা। যদিও কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি মহিলাদের জন্য বাড়তি নজরদারি রয়েছে বলে জানিয়েছেন ডিএসপি ও জেলা পুলিশ সুপার।

দু’বছর করোনার পর উত্তরবঙ্গের সর্ববৃহৎ বোল্লা কালীপুজোকে ঘিরে বালুরঘাটের বোল্লা গ্রামে শুক্রবার সকাল থেকে উপচে পড়ে পূন্যার্থীদের ভিড়। যে ভিড়কে কাজে লাগিয়ে সক্রিয় হয় ছিনতাইবাজরা। দিনের আলোতে মন্দিরে পুজো দিতে গিয়ে গলার সোনার গয়না হারান বেশ কয়েকজন মহিলা। একদিকে ভিড় এবং অন্যদিকে পুজো দেবার ব্যস্ততার সুযোগ নিয়ে পূন্যার্থীদের গলার সোনার হার ছিনতাই করে দুষ্কৃতিরা। যে ঘটনাকে ঘিরে এদিন দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মন্দির সংলগ্ন এলাকায়। ঘটনা জানিয়ে পুলিশ সহায়তা কেন্দ্রে অভিযোগও দায়ের করেছেন মহিলারা। কড়া পুলিশি নজরদারির পরেও দিনের আলোতে এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়েছেন পূন্যার্থীদের একাংশ। সিসিটিভির ফুটেজ দেখে যে ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।
এদিকে এই বৃহৎ মেলাকে ঘিরে বাড়তি নজরদারি রেখেছে জেলা পুলিশ এমনটাই দাবি করেছেন পুলিশ সুপার। তাঁর কথায় পুজোয় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রায় ১২০০ পুলিশ কর্মী, সাদা পোশাকের পুলিশ ও ৪০ টি সিসিটিভির নজরদারি রাখা হয়েছে। সে সব ভেদ করে কিভাবে এদিন সকাল থেকে একের পর এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই হল তা নিয়েই উঠেছে প্রশ্ন। আর এসবের পরেও কেন সেইসব দুষ্কৃতিদের ধরতে পারলো না পুলিশ, সেই প্রশ্ন তুলেও সরব হয়েছেন বোল্লা পুজো দিতে আসা পূন্যার্থীরা।
বিপুল বর্মন ও বিশ্বজিৎ দেবরা বলেন, বোল্লায় পুজো দিতে এসেছিলেন। কিন্তু পুজো দেবার পরেই দেখেন তাদের বাড়ির লোকের গলার সোনার হার উধাও হয়ে গেছে। ঘটনা জানিয়েছেন পুলিশের কাছে। তারা চান পুলিশ দ্রুত এই ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক।
ডিএসপি সদর সোমনাথ ঝাঁ জানিয়েছেন, বোল্লা মেলায় মহিলাদের জন্য বাড়তি নজরদারি ও নিরাপত্তা রাখা হয়েছে।
জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, সাদা পোশাকের পুলিশ ও সিসিটিভির মাধ্যমে কড়া নজরদারি রয়েছে বোল্লা মেলায়।

