ভারত-বাংলাদেশ বাগদা সীমান্ত থেকে উদ্ধার ৭২ লক্ষ টাকার সোনার বিস্কুট

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
২২ মে: সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে থেকে ভারতে পাচারের সময় প্রচুর পরিমাণ সোনা উদ্ধার করল বিএসএফ। রবিবার রাতে বিএসএফের ১০৭ নম্বর ব্যাটালিয়ানের অধীন উত্তর ২৪ পরগনার বাগদার সোলকের সীমা চৌকি এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে ১ কেজি ১৭ গ্রাম সোনা উদ্ধার হয়। যার বাজার মূল্য অন্তত ৭২ লক্ষ টাকা। উদ্ধার হওয়া সোনার বিস্কুট শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, পাচারের বিষয়ে রবিবার সকালেই তাদের কাছে গোপন সূত্রে খবর এসেছিল। সেই খবর পাওয়ার পর থেকেই পাচারকারীদের ধরতে ছক কষা হয়। সন্ধ্যার পরেই জওয়ানরা দেখেন, বাংলাদেশের দিক থেকে কাঁটাতারের দিকে দুই ব্যক্তি এগিয়ে আসছেন একটি বাইক চেপে। তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় জওয়ানদের। জওয়ানরা তাদের থামতে বললে তারা ফেন্সিংয়ের উপর দিয়ে একটি প্যাকেট ছুড়ে গ্রামের দিকে পালিয়ে যায়। এর পরে জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে এলাকায় ব্যাপক তল্লাশি চালায়।

তল্লাশির সময়, জওয়ানরা ১টি সাদা রঙের প্যাকেট উদ্ধার করে। প্যাকেট থেকে ৬টি সোনার বিস্কুট উদ্ধার করে। জওয়ানরা সঙ্গে সঙ্গে তাঁদের কোম্পানি কমান্ডারকেও বিষয়টি জানান। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তল্লাশি চালিয়ে পলাতক চোরাকারবারীদের পরিচয় জানা যায়। তারা অমল হালদার ও অমিত গাইন। দুজনেই লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *