সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ আগস্ট: ভারত- বাংলাদেশে পেট্রাপোল সীমান্তের পণ্য বোঝাই ট্রাক থেকে ৩ কোটি ১২ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ। গ্রেফতার করা হয় ট্রাক চালককে। বিএসএফ জানিয়েছে, ধৃতের নাম সম্রাট বিশ্বাস। সে উত্তর ২৪ পরগনা জেলার পিরোজপুর এলাকার বাসিন্দা।

বিএসএফ সূত্রের খবর, ওই পাচারকারী পেশায় ট্রাক চালক। সে ভারত থেকে নিয়মিত পণ্য বোঝাই ট্রাক নিয়ে বাংলাদেশে যায়। শুক্রবার বাংলাদেশে ট্রাক খালি করে ভারতে ফিরছিল। বেনাপোল থেকে আসা একটি সন্দেহ জনক ট্রাককে আটক করে বিএসএফ জওয়ানরা। তল্লাশির সময়, জওয়ানরা ট্রাকের হোস পাইপের কাছে তৈরি একটি গহ্বর থেকে টেপ দিয়ে মোড়ানো এবং কাপড়ে বাঁধা ২১টি সোনার বিস্কুট উদ্ধার করে।
এরপর বিএসএফের কাছে গোপন সূত্রে খবর আসে ওই ট্রাকে আরও বিস্কুট থাকতে পারে। এরপর কোম্পানি কমান্ডার তৎক্ষণাৎ এক স্থানীয় মেকানিককে ডেকে ট্রাকের ইঞ্জিন খুলে তল্লাশি করেন, যেখান থেকে আরও ২৪টি সোনার বিস্কুট উদ্ধার করে। মোট ৪৫টি সোনার বিস্কুট উদ্ধার হয় বলে বিএসএফ জানিয়েছে। যার বর্তমান বাজারে মূল্য ৩ কোটি ১২ লক্ষ ৪৪ হাজার ৪২৪ টাকা। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি পেট্রাপোল শুল্ক দফতরের হাতে তুলে দেয় বিএসএফের ১৪৫ নম্বর ব্যাটালিয়ন।

