আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৭ জুন: আলমারি ভেঙ্গে সোনা ও নগদ প্রায় ষাট হাজার টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহরের ১২ নম্বর ওয়ার্ডের জয়ন্তী পাড়ায়। স্থানীয় বাসিন্দা মায়াদেবী রায়ের বাড়িতে চুরির অভিযোগ উঠল। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে চুরির ধরণ দেখে তদন্ত শুরু করল কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ।
মঙ্গলবার দুপুরে বাড়িতে কেউই ছিলেন না বলে দাবি। এদিকে বৃষ্টিও হচ্ছিল, সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা ওই বাড়িতে হানা দেয় বলে অভিযোগ। ঘরের দরজা খুলে আলমারির লকার ভেঙ্গে নাকের ও কানের দুল, রুপোর সামগ্রী চুরি করার পাশাপাশি লকারে রাখা ষাট হাজার টাকা চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয়দের অনুমান, বাড়ির পিছনের দিক থেকে দুষ্কৃতীরা ঘরে ঢুকেছিল।

স্থানীয় বাসিন্দা বিশু রায় বলেন, “লকার ভেঙ্গে সোনার গয়না ও ষাট হাজার টাকা চুরি হয়। বাড়িতে কেউ ছিলেন না। পাশের স্কুলের বাড়ির মহিলা মিড ডে মিলের রান্না করতে গিয়েছিলেন।” এদিকে মায়াদেবী রায় বলেন, “বাড়িতে কেউ ছিল না। আমি রান্না করতে স্কুলে গিয়েছলাম। ছেলে ও মেয়ে ব্যাঙ্কে গিয়েছিল। সেই সময় আলমারি ভেঙ্গে টাকা ও সোনা নিয়ে পালিয়ে যায়। ডিউটি করে টাকা জমিয়ে রেখেছিলাম। থানায় অভিযোগ জানিয়েছি।” পুলিশ জানায়, চুরির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

