আশিস মণ্ডল, রামপুরহাট, ২২ অক্টোবর: বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়েছিলেন দাদা। অভিযুক্ত প্রতিবেশীর হাতে আক্রান্ত হয়ে সেই দাদা এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ অভিযুক্ত দুই ভাইকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার ডাঙাপাড়া গ্রামে। জখম দাদার নাম রাহুল শেখ।
পুলিশ ও আক্রান্ত পরিবার সূত্রে জানা গিয়েছে, রাহুলের বোনকে বেশ কিছু দিন ধরে ফোনে উত্যক্ত করত প্রতিবেশী জামাল শেখ। এনিয়ে বোনের শ্বশুর বাড়িতে অশান্তির সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতে রাহুল এনিয়ে প্রতিবাদ করতে যায়। সে সময় জামাল ও তার ভাই কারেন ধারালো অস্ত্র দিয়ে রাহুলের গলায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাহুলের বাবা টারজেল শেখ বলেন, “বেশ কিছু দিন আগে মেয়ের বিয়ে দিয়েছি পাশের গ্রামে। তাদের একটা ছেলে রয়েছে। প্রতিদিন প্রতিবেশী জামাল মেয়েকে ফোনে উত্যক্ত করত। বিষয়টি জানতে পেরে ছেলে প্রতিবাদ করতে যায়। সে সময় জামাল ও তার ভাই ধরাল অস্ত্র দিয়ে ছেলের গলায় আঘাত করে। ছেলে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে”।
পুলিশ অভিযোগ পেয়ে দুজনকে গ্রেফতার করেছে। জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, “অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”।

