আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১২ অক্টোবর: “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন, ২০২১ সালেও থাকবেন। আগামী দিনে পশ্চিমবাংলা চালাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। সেই কারণে মুখ্যমন্ত্রীর উন্নয়ন মূলক প্রকল্পগুলো সম্পর্কে রাজ্যের নাগরিকদের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে দলীয় কর্মীদের প্রচার করতে হবে। বাংলায় যাতে কোনও বিভেদকামি শক্তি মাথা চাড়া না দিতে পারে। তাই বুথ স্তরের কর্মীদের রাজনৈতিক কর্মসূচি নিয়ে এখনই ঝাঁপিয়ে পড়তে হবে”, বললেন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মধ্যক্ষ নারায়ণ গোস্বামী।

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের নজরুল শতবার্ষিকী সদনে মধ্যমগ্রামের বুথ স্তরের দলীয় কর্মীদের নিয়ে বুথ স্তরের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ এই কর্মী সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের শতাধিক বুথ স্তরের কর্মীরা এই কর্মী সম্মেলনে অংশ নিয়েছিলেন।


