আমাদের ভারত,২ আগস্ট: সোমবার ত্রিপুরায় পৌঁছান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিমান বন্দর থেকে রওনা দেন উদয়পুরের মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজোর উদ্দেশ্য। কিন্তু যাওয়ার পথেই তাঁর গাড়িতে লাঠি চালানো এবং ঢিল ছুঁড়ে আক্রমণের অভিযোগ করে তৃণমূল। অভিযোগের তীর রাজ্যের শাসকদলের দিকে।
২০২৪ এর লক্ষ্যে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনে নিজের মাটি শক্ত করতে সর্বশক্তি প্রয়োগ করতে শুরু করেছে তৃণমূল। ত্রিপুরায় আসন্ন নির্বাচনের জন্য সংগঠন শক্ত করা তারই অংশ। তাই একগুচ্ছ কর্মসূচি নিয়ে ত্রিপুরায় হাজির হন অভিষেক। মাতাবাড়ি পুজো দেওয়ার পর আগরতলায় সাড়ে ৩টে নাগাদ সাংগঠনিক বৈঠক সেরে সাংবাদিক বৈঠক এবং তার পর সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা।
কিন্তু শুরুতেই মন্দির যাওয়ার পথে গোকুল নগরের কাছে বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। অবশ্য বিক্ষোভ শুরু হয়েছে অভিষেকের আগরতলা পোঁছানোর আগে থেকেই।
জানা গেছে, মধ্য রাত্রেই ছেঁড়া হয়েছে আভিষেককে স্বাগত জানানোর জন্য লাগানো তৃণমূলের সব হোর্ডিং, পোস্টার। তৃণমূল এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছে বিজেপির দিকেই।
টুইটারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক। টুইটারে প্রকাশিত ভিডিওতে, বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থকদের ‘গো ব্যাক’ স্লোগান দিতে দেখা যাচ্ছে। পাশাপাশি গাড়ির সামনের কাঁচে লাঠি দিয়ে আঘাত করতে দেখা যাচ্ছে কয়েকজন ব্যক্তিকে। গোটা ঘটনাটি ঘিরে শুরু হয়েছে উত্তেজনা।
সূত্রে জানা গেছে, গতকালই ত্রিপুরা রাজ্য বিজেপি ৯০শতাংশ টিকাকরন সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিপ্লব দেবকে ধন্যবাদ জানানোর জন্য রাস্তায় নেমে কর্মসূচি করবে বলে সিদ্ধান্ত নেয়। বিজেপি কর্মী-সমর্থকরা কর্মসূচি চলাকালীন অভিষেকের কনভয়ের মুখোমুখি হলে বিক্ষোভ শুরু হয় বলে মনে করা হচ্ছে।
আবার অন্যদিকে, অনেকের অনুমান আভিষেকের ত্রিপুরা আসার দিনই বিজেপির এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্যই ছিল এই রকম একটা পরিস্থিতি উৎপন্ন করা। এই সব ঘটনায় তৃণমূল বিজেপি বিতর্কে এখন উত্তাল ত্রিপুরার রাজনীতি।
এই মুহূর্তে ত্রিপুরায় অভিষেকের পাশাপাশি উপস্থিত রয়েছেন মলয় ঘটক ও ব্রাত্য বসু। এছাড়া ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত দেবাংশু ভট্টাচার্য, জয় দত্তের মত তৃণমূলের একদল নেতানেত্রী। সূত্রের খবর, আজকের বৈঠকে তৃণমূলে যোগ দেবেন অন্য দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা। ইতিমধ্যেই গত শুক্রবার ৭ জন তৃণমূলে যোগ দিয়েছেন বলে খবর।

