আমাদের ভারত, ২২ নভেম্বর: আজ ফের বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর কথায়, ফিরে যাও, নয়তো তুলে ফেলে দেওয়ার ব্যবস্থা করব।
মেদিনীপুরের দাঁতনে এক জনসভায় বক্তব্য রাখতে উঠে এসআইআর প্রসঙ্গে বলতে গিয়ে ভারতীয় মুসলমানদের ফের আশ্বস্ত করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর কথায়, ভারতের নাগরিক কোনো মুসলমানের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না। তবে বাংলাদেশের মুসলমানদের এদেশে জায়গা হবে না, সেটা গ্যারান্টি দিয়ে বলছি।
সুকান্ত মজুমদার বলেন, যারা ভারতের নাগরিক, জাতি- ধর্ম- বর্ণ নির্বিশেষে ভারতের নাগরিকের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়বে না। হতে পারে মুসলিমরা আমাদের ভোট দেয়নি, কিন্তু তারও ভোটার লিস্টে নাম থাকবে, আর সেই দায়িত্ব নেবে বিজেপি।
এরপরেই তিনি বলেন, তাহলে কাদের নাম থাকবে না? বিজেপি নেতা বলেন, কিন্তু কেউ যদি বলে আমি বাংলাদেশ থেকে এসেছি। সেক্ষেত্রে তুমি যদি হিন্দু হও তোমার জন্য নরেন্দ্র মোদী সরকার সিএএ আইন পাস করেছে। তার মাধ্যমে তোমায় নাগরিকত্ব দেওয়া হবে। তোমার ভারতের ভোটার লিস্টে নাম উঠবে। তারপর সুকান্ত মজুমদার বলেন, আর যদি বাংলাদেশের মুসলমান হয়ে তুমি এপারে আসো আর বলো যে একটু বেশি রোজগারের জন্য এসেছি, তাহলে “বাবা হাতজোড় করে বলছি ফিরে যাও, হয় ফিরে যাবে নয়তো তুলে ফেলে দেওয়ার ব্যবস্থা করব।”
অন্যদিকে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী সিএএ প্রসঙ্গে বলেন এটা খুড়োর কল। অসমে সাড়ে ১৩ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল। তাদের মধ্যে রয়েছেন হিন্দু বাঙালি। এই যে বারবার বলছে সিএএ করলে নাগরিকত্ব পাবে, সে কথাটাই মিথ্যে কথা। দ্বিতীয় কথা ওরা বলছেন ভারতের মুসলিমদের ভয় নেই। আমরাও বলছি কোনো বৈধ ভোটারের ভয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতদিন আছে ততদিন কোনো বৈধ ভোটারের ভয় নেই।

