কলেজ ছাত্রীদের কটুক্তির প্রতিবাদে জলপাইগুড়ি মহিলা থানার দ্বারস্থ গালর্স কালচারাল ফোরাম

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৩ জুন: কলেজ সংলগ্ন নির্জন রাস্তায় কলেজের ছাত্রীদের কটুক্তি ও শ্লীলতাহানীর মত ঘটনা ঘটছে বলে অভিযোগ। কিছু যুবক রাস্তায় দাঁড়িয়ে ছাত্রীদের বিভিন্নভাবে কটুক্তি করছে, এর প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি মহিলা থানার দ্বারস্থ হলেন শহরের ক্লাব রোডের গালর্স কালচারাল ফোরাম।

ওই এলাকায় প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয় রয়েছে। এই কলেজে দূরদূরান্ত থেকে ছাত্রীরা পড়াশোনা করতে আসেন। কলেজের সামনে ক্লাব রোডের রাস্তা ও কলেজের পিছনে নয়াবস্তি সংলগ্ন রাস্তা দিয়ে ছাত্রীরা যাতায়াত করেন। অভিযোগ, নির্জন রাস্তায় প্রায়দিন কিছু বখাটে ও নেশাগ্রস্ত যুবক দাঁড়িয়ে থাকছে বাইক ও সাইকেল নিয়ে। কলেজের ছাত্রীরা সেই রাস্তা দিয়ে কলেজে গেলে বিভিন্ন সময়ে তাদের কটুক্তি করছে বলে অভিযোগ। এর জেরে ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য সোমবার মহিলা থানায় দ্বারস্থ হলেন কালচারাল ফোরামের যুবতীরা৷

ফোরামের আহ্বায়ক ডলি সরকার বলেন, “আমরা এই ধরণের যুবকদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি জানাই। বেশ কিছুদিন থেকে এই সমস্যা দেখা দিয়েছে। তিনজন ছাত্রী অভিযোগ করেছে আমাদের কাছে।” পুলিশ জানায়, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *