পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: নিয়োগ দুর্নীতি ইস্যুতে পশ্চিম মেদিনীপুরের নায়ারায়ণগড়ের খাকুড়দায় প্রতিবাদী মিছিল বিজেপির৷ বিজেপির নারায়ণগড় দক্ষিণ মন্ডলের পক্ষ থেকে আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ নারায়ণগড়ের খাকুড়দা বাজারে এই প্রতিবাদী পদযাত্রা বা মিছিলের আয়োজন করা হয়েছিল রবিবার বিকেলে৷ মিছিল থেকে স্লোগান ওঠে “চোরদের জেলে ভরো, মমতা গদি ছাড়ো”৷
এদিন মিছিল শেষে একটি সভার আয়জন করা হয়। দিলীপ ঘোষ ওই সভায় বলেন, “ওনারা বলতেন আমি নাকি ভদ্রলোক নই, ওনারা সব কলকাতার ভদ্রলোক৷ এখন দেখা যাচ্ছে কতো ভদ্র৷ আহম্মকের দল, বেজম্মা সব৷ গরিব মানুষদের লুঠ করে শেষ করে দিলি৷”

পরে দিলীপ ঘোষ সাংবাদিকদের সামনে পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে প্রশ্নের উত্তরে বলেন, “যা বলার পার্থ বাবু তাড়াতাড়ি বলুন৷ সময় পার হয়ে যাচ্ছে৷ এখানে কেউ মুখ খুলছে না৷ বান্ধবী তো মুখ খুলে দিয়েছে৷ ওনাকেও খুলতে হবে৷ না হলে ওনার একার ফাঁসি হবে৷ যারা ওনাকে ফাঁসিয়েছে তাদের নাম আসা চাই৷ এতো কোটি কোটি টাকা একজনের নয়৷ বহু লোক যুক্ত, তাদের নাম আসা দরকার৷ টাকা কার আছে পার্থ চট্টোপাধ্যায় বলুন৷ সময় এসেছে৷ অনেক বড়ো পেট, অনেক কিছু জমা আছে ৷”

