আমাদের ভারত, ১০ মার্চ:সামনে ভোট তাই চাপে পড়ে হিন্দু ভাবাবেগ জেগে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এভাবেই তৃণমূল নেত্রী কে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। মঙ্গলবার নন্দীগ্রামের জনসভায় চন্ডীপাঠ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে কটাক্ষ করেছেন গিরিরাজ।
গিরিরাজ সিং বলেন, “বাহ রে মোদী আজ দিদি চণ্ডী পাঠ করছেন! বাহ রে মোদী যেটা দিদি কোনদিন করেননি নির্বাচনের জন্য সেটাও করছেন!” তিনি বলেন,দিদি ভয় পেয়ে গিয়েছেন আর তাই এই সব করে বেড়াচ্ছেন। বুঝে উঠতে পারছেন না তিনি মসজিদে যাবেন নাকি মন্দিরে।
এবারের নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর নন্দীগ্রামে তার সাথে সম্মুখ সমরে উপস্থিত একসময়ের তারই সহোযোগি। তার দল ত্যাগ করে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন। এদিকে প্রার্থী হবার পর মঙ্গলবার প্রথম নন্দীগ্রামে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে করা এক জনসভা থেকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন তিনি হিন্দু মেয়ে। তাই তার সঙ্গে হিন্দু কার্ড খেলে লাভ নেই।
একইসঙ্গে দিদি আরও বলেন,” যারা হিন্দু মুসলমান করছেন তাদের পরিষ্কার বলছি আমিও হিন্দু ঘরের মেয়ে। আমার সঙ্গে হিন্দু কার্ড খেলতে যাবেন না। হিন্দু ধর্ম মানুষকে ভালবাসতে শেখায়। আমরা বিবেকানন্দের কাছ থেকে হিন্দু ধর্ম শিখেছি। চন্ডী পাঠ করে রোজ বাড়ি থেকে বের হই। আর আমাকে হিন্দুধর্ম শেখাচ্ছে।” এর পরেই তিনি মঞ্চে দাঁড়িয়ে গরগর করে চণ্ডীপাঠ করতে শুরু করেন। যদিও সোশ্যাল মিডিয়ায় অনেকে আবার দাবি করেছেন তিনি নাকি ভুল মন্ত্র উচ্চারণ করেছেন।

