একশ দিনের কাজের বকেয়া মজুরির দাবিতে বড়জোড়ার ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৯ আগস্ট: ১০০ দিনের কাজের বকেয়া মজুরি-সহ নয় দফা দাবিতে আজ বড়জোড়া ব্লকের ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বামপন্থী গণসংগঠন গুলি। সংগঠনের নেতাদের দাবি, ডিসেম্বর জানুয়ারি মাসে শ্রমিকরা ১০০ দিনের কাজ করেছেন। কিন্তু এখনও তার মজুরি পাননি। সেই বকেয়া মজুরি কিভাবে দেবেন সেটা প্রধান ও পঞ্চায়েত প্রশাসন বুঝবেন।

বামপন্থী খেতমজুর ইউনিয়নের জেলা সম্পাদক সাগর বাদ্যকর বলেন, এখন কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে বলে দাবি করছে রাজ্য সরকার সহ পঞ্চায়েত কর্তৃপক্ষ। কিন্তু কাজ তো করিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। এখন কিভাবে মজুরি দেবেন সেটা তারাই বলবেন। পাশাপাশি ১০০ দিনের কাজ অবিলম্বে কিভাবে চালু করা হবে সেটাও তারা বুঝুন। না হলে ক্ষমতা দখল করে চেয়ার আঁকড়ে বসে না থেকে পদ ছাডুন।

সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক যদুনাথ রায়ের দাবি, বহু পরিবার আবাস যোজনার বাড়ি পাননি, অথচ যাদের পাকা বাড়ি আছে এমন পরিবার বাড়ি পেয়েছে। আথচ যারা সত্যিকারের উপভোক্তা বা যাদের জন্য এই প্রকল্প চালু হয়েছে তারাই বঞ্চিত। এদিন তাদের দাবি গুলির মধ্যে ছিল রাস্তা তৈরি, পানীয় জলের ব্যবস্থা ও ১ মাসের মধ্যে গ্রাম সভা ডাকতে হবে।

সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক নেতা বানেশ্বর গুপ্ত, কৃষক নেতা বিশ্বেশ্বর গরাই, ছাত্র নেতা সুভাশিষ গরাই প্রমুখ।

এবিষয়ে পঞ্চায়েত প্রধান অরুণ কুমার শিটের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *