ভাটপাড়ায় যুব তৃণমূল সভাপতির ওপর দুষ্কৃতি হামলার প্রতিবাদে ঘোষপাড়া রোড অবরোধ তৃণমূল কর্মীদের

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ৩১ জুলাই: শুক্রবার রাতে ভাটপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি দেবজান বিশ্বাসের ওপর দুষ্কৃতী হামলা ও তার গলার চেন ছিনতাইয়ের প্রতিবাদে ঘোষপাড়ার কুলিডিপো মোড়ে পথ অবরোধ করল ভাটপাড়া যুব তৃণমূল কর্মীরা।
শুক্রবার ভাটপাড়ার ২ নম্বর ওয়ার্ড অফিস থেকে ভ্যাকসিনেশনের কাজ সেরে বাড়ি ফেরার পথে ভাটপাড়ার কুলিডিপো মোড়ের কাছে শুক্রবার রাতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন ১ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব সভাপতি দেবজান বিশ্বাস।

আক্রান্ত তৃণমূল যুব নেতার অভিযোগ, বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় আকাশ মাহাতো নামে এক দুষ্কৃতী ও তার দলবল পথ আটকে দাঁড়িয়ে তাকে বেধড়ক মারধর করে। সেই সময় স্থানীয় বাসিন্দারা ও তৃণমূলের অন্যান্য কর্মীরা মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে
দেবজানকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দেবজানবাবুকে ছেড়ে দিলে তিনি ভাটপাড়া থানায় গিয়ে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, “আকাশ ও তার সাঙ্গপাঙ্গরা ভোটের আগে বিজেপি করতো। কিন্তু ভোটের ফলাফল বেরনোর পর বিজেপি ছেড়ে এখন তৃণমূলে ঢোকার চেষ্টা করছে। আর আমরা পুরনো তৃণমূলের নেতা কর্মীরা ওদের তৃণমূলে আনতে বাধা দিচ্ছি। তাই ওরা আমাকে মারধর করেছে, আমার বাইক ভেঙ্গে দিয়েছে। কিন্তু আমরা অনেক কষ্ট করে এই জায়গাটা পেয়েছি সেটা আমরা এই দুষ্কৃতীদের জন্য নষ্ট করতে পারবো না।” যদিও এই ঘটনাকে ঘিরে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসে পড়ল বলে মনে করা হচ্ছে।

এই ঘটনার প্রতিবাদে ভাটপাড়া ১১ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল সভাপতি মন্নু সাউ’য়ের নেতৃত্বে শনিবার পথ অবরোধ চলে। অবরোধকারীদের দ্রুত গ্রেফতারের দাবি করতে থাকেন। এরপর ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ এসে অবরোধকারীদের আশ্বাস দিলে একঘন্টা পর অবরোধ উঠে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *