রাস্তা সারানোর দাবিতে ঘাটালে পদযাত্রা পরিবহন যাত্রী কমিটির

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: ঘাটাল থেকে পাঁশকুড়া পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। দুর্ঘটনা লেগেই থাকে। যাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। এই রাস্তা পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল পথ অবরোধ করেছে। এবার এই রাস্তা পূর্ণাঙ্গ সংস্কার এবং ফোর লেন করার দাবি জানাল ঘাটাল পাঁশকুড়া পরিবহন যাত্রী কমিটি। তারা এই দাবিকে সামনে রেখে আজ কুশপাতা বাসস্টপ থেকে বিদ্যাসাগর সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা করল।

ওই কমিটির পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক তপন জানা বলেন, ঘাটাল- পাঁশকুড়া রাস্তার জন্য অবিলম্বে অর্থ বরাদ্দ করতে হবে এবং এই রাস্তার পূর্ণাঙ্গ সংস্কার করার দাবি আমরা জানাচ্ছি। এছাড়াও রাস্তার উপর দুর্বল ব্রিজগুলি রয়েছে। তার ওপর কুড়ি টনের বেশি গাড়ি যাতায়াতকে নিয়ন্ত্রণ করতে হবে। এই কমিটির সভাপতি আশীষ সি এবং কার্যকরী সভাপতি স্বপন কুমার মন্ডল বলেন, ঘাটাল- পাঁশকুড়া রাস্তায় এবছর এখনো পর্যন্ত ৬২জন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এই রাস্তা দ্রুত সংস্কার করে মানুষের জীবন রক্ষা করতে হবে।

আজকের পদযাত্রায় উপস্থিত ছিলেন রানিচক দেশপ্রাণ হাই স্কুলের প্রধান শিক্ষিকা বিদুষী বারুই মান্না, চৌকা নেতাজী হাই স্কুলের প্রাক্তন শিক্ষক দেবাশীষ মাইতি, ঘাটাল রানিচক পরিবহন যাত্রী কমিটির যুগ্ম সম্পাদক জগদিশ মণ্ডল অধিকারী এবং তাপস মিত্র সহ অন্যান্যরা। কমিটির নেতৃত্বরা বলেন, রাস্তাটির পূর্ণাঙ্গ সংস্কার না হলে বৃহত্তর আন্দোলন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *