কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ৩০ আগস্ট:
আজ কৃষ্ণ জন্মাষ্টমী। বাঙ্গালীদের বারো মাসে তেরো পার্বণ, তবে জন্মাষ্টমী শুধু বাঙালিরই উৎসব নয়, সারা বিশ্বজুড়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন প্রতিবছর পালিত হয়।
হিন্দু ধর্মে পুরান মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়। তাই ধর্মপ্রাণ মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে দেবতা রূপে পুজো করেন আবার অনেক ভক্তরাই বাড়িতে নিষ্ঠাভরে বালক গোপালের জন্মদিন পালন করেন।
ঘাটালের কুশপাতায় শ্রীশ্রী রাধা গোবিন্দ জিউ’য়ের মন্দিরে পালিত হচ্ছে জন্মাষ্টমীর উৎসব। সমগ্র মন্দির প্রাঙ্গন সুসজ্জিত হয়ে উঠেছে ফুলে। আরাধনা করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। সেই আরাধনায় মেতে উঠেছেন কৃষ্ণভক্তরা। ভগবান কৃষ্ণের রূপ দর্শনে অনেক ভক্তের সমাগম ঘটেছে।

কৃষ্ণমন্দিরের পুরোহিত সুদর্শন দাশ ব্রহ্মচারী বলেন, বিশ্বব্যাপী অনন্তকোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক সেই ভগবান শ্রীকৃষ্ণের আজ আবির্ভাব তিথি। সমগ্র ঘাটালবাসীর উৎসাহে তার জন্মদিন প্রত্যেক বছরের মতো এই বছরেও ঘাটাল শহরের কৃষ্ণ মন্দিরে পালিত হচ্ছে।
তিনি আরো বলেন, বর্তমানে করোনা মহামারীর কারণে প্রশাসনের নির্দেশ মেনে এই জন্মাষ্টমীর উৎসব পালন করার চেষ্টা করা হচ্ছে। এবং কৃষ্ণ মন্দিরে আগত ভক্তদের সমস্ত করোনা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে।এর পাশাপাশি আজকের জন্মাষ্টমীতে কিভাবে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন সে বিষয়েও বলেন।

