স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টায় অভিযুক্তের ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ ঘাটাল মহকুমা আদালতের

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ মার্চ: নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যা করার চেষ্টায় এক ব্যক্তিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ঘাটাল মহকুমা আদালত।

ওই মামলার সরকার পক্ষের আইনজীবী চিত্ত কর্মকার বলেন, ২০১৬ সালের ১৮ অক্টোবর চন্দ্রকোনা থানার কামারবান্দি গ্রামে, ফুলমনি টুডুকে তার স্বামী মদন টুডু ৮ ইঞ্চি ছুরি নিয়ে আক্রমণ করে। এর ফলে মারাত্মক জখম হয় ফুলমণি। তাকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করার পর, মেদিনীপুরে স্থানান্তর করা হয়।
সুস্থ হওয়ার পর ফুলমণি টুডু চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পরবর্তীকালে মদন টুডু মাঝেমাঝে গা ঢাকা দেয় বলে অভিযোগ। ওই মামলায় অভিযুক্তকে ১১ মার্চ দোষী সাব্যস্ত করে ঘাটাল মহকুমা আদালত। ১৪ মার্চ সোমবার সাজা ঘোষণা করেন এডিজে সঞ্জয় কুমার শর্মা। ৩০৭ ধারায় দোষী প্রমাণিত হয়ে আদালত অভিযুক্তকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *