কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল:
সারা দেশে করোনা বেড়ে চলেছে দ্রুত হারে। গত কয়েকদিনে ঘাটালেও বাড়ছে করোনা। ঘাটাল মহকুমা আদালতের এক আইনজীবী ১৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছেন।

মহকুমা আদালতে আইনজীবীদের এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আদালতের স্বাভাবিক কাজ ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। আদালতে কেবলমাত্র ফাইলিং চলছে। কোন হিয়ারিং, সাক্ষী দেওয়ার কাজ আপাতত বন্ধ আছে। ৪৩৮,৪৩৯ ধারার কেসগুলি চললেও কেবলমাত্র সংশ্লিষ্ট আইনজীবী এবং বাদী বিবাদী পক্ষের লোকজন থাকবেন। এর বাইরে অন্য কাউকে থাকার অনুমতি দেওয়া হবে না। আদালত নিয়মিত স্যানিটাইজ করা হবে এবং যারা আসবেন কঠোরভাবে কভিড বিধি তাদের মানতে হবে। প্রয়োজনে আদালতের কাজ ভার্চুয়াল ভাবে হতে পারে। ৩ মে পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন ঘাটাল মহকুমা আদালতে বর্ষিয়ান আইনজীবী তপন ভট্টাচার্য।

