কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২ অক্টোবর: শনিবার বন্যা কবলিত এলাকা থেকে এক অসুস্থ বৃদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী এবং ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিক। ৬০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি মনসুকা সংলগ্ন এলাকায়।
মনসুকার ঝুমি নদীর জল বৃদ্ধি পেয়ে পার্শ্ববর্তী গ্রামগুলি প্লাবিত হয়েছে। কেউ অসুস্থ হয়ে পড়লে বিপদের মধ্যে পড়তে হচ্ছে ওই এলাকার মানুষদের। কারণ বন্যার ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘাটাল মহকুমা পুলিশ ওই অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন।
পাশাপাশি বন্যা কবলিত এলাকায় আটকে পড়া পরিবারগুলিকে ঘাটাল মহকুমা পুলিশের উদ্যোগে উদ্ধার করতে দেখা গেল। শনিবার বিকেলে ঘাটালের অজবনগর এলাকা থেকে দুই বাচ্চা সহ এক পরিবারের চারজন সদস্যকে উদ্ধার করে নিয়ে এল ঘাটাল থানার পুলিশ।

