পরকিয়ার জেরে মহিলাকে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানোর ঘটনায় ১১ জনকে গ্রেফতার করল ঘাটাল থানার পুলিশ

কুমারেশ রায়, মেদিনীপুর, ২৮ জুন: ঘাটাল থানার প্রতাপপুরে পরকীয়ার জেরে এক মহিলাকে জুতোর মালা পরিয়ে সারা গ্রাম ঘোরানোর ঘটনায় যুক্ত থাকায় ১১ জনকে গ্রেফতার করল ঘাটাল থানার পুলিশ।
ওই ১১ জনের মধ্যে মহিলার প্রথম স্বামীও আছেন।
২৭ জুন রবিবার এই ঘটনা ঘটে। সোমবার ধৃতদের ঘাটাল মহকুমা আদালতে তোলা হয়। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে ৩০৭, ৪৯৮, ৩২৩, ৩২৫, ৩৫৪ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, প্রতাপপুরের এক বিবাহিতা মহিলা বছর দুই আগে ওই গ্রামেরই এক যুবকের সাথে পালিয়ে যায়। সম্প্রতি কয়েকদিন আগে মহিলাটি ফের গ্রামে ফিরে ওই যুবকের সাথে থাকতে শুরু করে। মহিলার প্রথম স্বামী এবং গ্রামের বেশকিছু মাতব্বর রবিবার মহিলাটিকে জুতোর মালা পরিয়ে সারা গ্রাম ঘোরায়। মুহুর্তের মধ্যে ওই ছবি মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে।
ওই মহিলাকে গ্রামে ঘোরানোর সময় পেছনে চলতে থাকে মাতব্বরদের উল্লাস।

আইন নিজের হাতে তুলে নিয়ে মধ্যযুগীয় বর্বরতার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পৌঁছায় ঘাটাল থানায়। ঘাটাল থানার পুলিশ এলাকায় গিয়ে মহিলাকে উদ্ধার করে। ওইদিনই পুলিশ মহিলার প্রথম পক্ষের স্বামী এবং আরও এক মহিলা সহ মোট ১১ জনকে গ্রেফতার করে। ঘাটাল অাদালত মহিলার প্রথম পক্ষের স্বামী সন্তোষ কারককে ৩ দিনের পুলিশ হেফাজত ও বাকি ১০ জনকে ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। বর্তমান শতাব্দীতে পিছিয়ে পড়া মধ্যযুগীয় কিছু মানুষের মানসিকতা দেখে হতবাক আইন সচেতন মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *