তৃণমূল–বিজেপি সংঘর্ষে আহত ঘাটাল থানার ওসি

আমাদের ভারত, মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর :
বৃহস্পতিবার সন্ধ্যায় ঘাটালের রানীর বাজারে বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষের মাঝে পড়ে জখম হলেন ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক। এছাড়াও আরও এক জন পুলিশ কর্মী জখম হয়েছেন।

বিজেপির অভিযোগ, ওই এলাকায় তাদের দলীয় পতাকা তৃণমূল ছিঁড়ে দেয়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। এরপরে ওই এলাকার তৃণমূলের পার্টি অফিসে কে বা কারা তালা লাগিয়ে দিয়েছে। তৃণমূলের অভিযোগ তালা লাগিয়েছে বিজেপি। পার্টি অফিসে তালা খোলা নিয়ে দুই পক্ষের মধ্যে গোলমাল বাধে এবং হাতাহাতি হয়। ঘাটাল থানার পুলিশ এলাকায় গেলে ওসির মাথার পিছনে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং তিনি জখম হন। তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করানো হয় এবং মাথার স্ক্যান করানো হয় ।
এ বিষয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক রামকুমার দে বলেন ওই এলাকায় তৃণমূলের পার্টি অফিস এলাকার মানুষ তালা লাগিয়ে দিয়েছে। এর সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। তৃণমূল আমাদের দলীয় পতাকা ওখানে ছিঁড়ে দিয়েছে এবং তৃণমূল ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছিল বিজেপি প্রতিহত করে। ঘাটাল থানার ওসি আহত হয়েছে এটা দুঃখজনক ঘটনা।
তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, আমাদের পার্টি অফিসে চাবি দিয়েছিল বিজেপি। পার্টি অফিসে কর্মীরা এলে বিজেপি কর্মীরা তৃণমূলের উপর চড়াও হয়ে মারধর করে আমাদের কর্মীকে জখম করে। ওসি ঘটনাস্থলে উপস্থিত হলে বিজেপি কর্মীরা ওসিকে মারধর করে। আমাদের কর্মীরা সংযত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *