ঘাটাল পুরসভার প্রশাসক বিভাস ঘোষকে অপদার্থ বললেন দলেরই ওয়ার্ড কো-অর্ডিনেটর

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: ঘাটাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অশোক সাহা, পুরসভার প্রশাসক বিভাস ঘোষকে অপদার্থ বললেন। ওয়ার্ডের পরিস্থিতি জানানোর জন্য অশোকবাবু বারবার বিভাস ঘোষকে ফোন করলেও তিনি ফোন ধরেননি বলে অভিযোগ।

অশোকবাবু তীব্র ভাষায় বিভাস ঘোষের বিরুদ্ধে তোপ দাগলেন। তিনি বলেন, ওয়ার্ডে না দেওয়া হয়েছে ত্রাণ, না দেওয়া হয়েছে পানীয় জল। আমরা নিজেদের উদ্যোগে পানীয় জলের ব্যবস্থা করেছি। ওয়ার্ডের বাসিন্দাদের অবস্থা জানানোর জন্য প্রশাসকের সাথে যোগাযোগই করতে পারলাম না। প্রশাসক ওয়ার্ডে আসা তো দূরের কথা, তিনি আমার ফোনও ধরেননি।

ঘাটাল পুরসভার প্লাবিত এলাকার মানুষজন এভাবেই ঘাটাল পুরসভার প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনদিন ধরে পানীয় জল নেই। ওয়ার্ডের জনপ্রতিনিধিদের পাত্তা নেই। মানুষজনের প্রশ্ন, আমরা ভোট দিয়ে তাদের জিতিয়েছি। এখন তারা কোথায় গেলেন?

পুরসভা এলাকার বেশ কয়েকজন বাসিন্দা জানালেন, পরিস্থিতি এমন পর্যায়ে যে, কোথাও কোথাও বন্যার জল ফুটিয়ে খেতে হচ্ছে। সরকারিভাবে প্রশাসনের তরফে বলা হচ্ছে লাখ লাখ নাকি জলের পাউচ দেওয়া হচ্ছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত জলের পাউচ পাইনি। কেউ আমাদের সাথে দেখাই করতে আসেনি তো আমরা ত্রাণ এবং জলের পাউচ কোথা থেকে পাবো? অভিযোগ প্লাবিত ওয়ার্ডের বাসিন্দাদের।

অনেকে তিনদিন জল না খেয়ে পর্যন্ত কাটিয়েছেন। বাসিন্দাদের অভিযোগ একটাই, পুরসভার প্রশাসকের দেখা নেই। তিনি কোথায় গেলেন? তার সাথে জনপ্রতিনিধিরাও কোন খোঁজ নিচ্ছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *