কুমারেশ রায়, মেদিনীপুর, ১ অক্টোবর: ঘাটালের অজবনগর এলাকার বাসিন্দাদের ঠাঁই এখন ঘাটাল চন্দ্রকোনা সড়ক। ঘাটাল চন্দ্রকোনা সড়কের তিন নাম্বার চাতালে ত্রিপল খাটিয়ে কোনও রকমে প্রাণে বাঁচার চেষ্টা করছেন ঘাটালের অজবনগর এলাকার বেশ কিছু পরিবার।
ঘাটাল মহকুমাবাসীরা বন্যার হাত থেকে মুক্তি পাচ্ছেন না কিছুতেই। নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে আবারও তীব্র গতিতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে ঘাটাল মহকুমার গ্রামের পর গ্রাম জলের তলায়। চতুর্থবারের জন্য বন্যার শিকার হতে হচ্ছে ঘাটাল মহকুমাবাসীকে। বেশকিছু বাড়ি বন্যার জলে ভেসে গিয়েছে, বেশ কিছু বাড়ির মধ্যে জল দাঁড়িয়ে রয়েছে, এই অবস্থায় দিনের পর দিন কিভাবে থাকবে মানুষজন? কিভাবে বাঁচবে? অসহায় বন্যাকবলিত এলাকার বাসিন্দারা বন্যার সাথে লড়াই করতে করতে ক্লান্ত নিরুপায় হয়ে অবশেষে রাস্তায় থাকার সিদ্ধান্ত নিল। ঘাটালের অজবনগরের বাসিন্দারা ঘাটাল চন্দ্রকোনা সড়কের ধারে দাঁড়িয়ে থাকা কিছু ট্রাক এবং ফুটপাতকেই বেছে নিলেন মাথার ছাদ হিসেবে। তাঁদের অভিযোগ, জল যে হারে বৃদ্ধি পাচ্ছে এখনই বেরিয়ে না এলে পরে জলের মাঝখানে আমাদেরকেই বিপদে পড়তে হবে, প্রশাসনের তরফেও কেউ তাঁদের ডাকে সাড়া দেয়নি বলে তাদের অভিযোগ। তাদের চোখে মুখে স্পষ্ট ফুটে উঠছে জলযন্ত্রণার ছাপ, আতঙ্ক এবং ক্ষোভ। তাঁরা চান সুরক্ষা, তাঁরা চান জলযন্ত্রণা থেকে মুক্তি।

