বন্ধুর সাথে আপত্তিকর অবস্থায় পাকড়াও! সালিশি সভা, অভিমানে গলায় ওড়নার ফাঁস কুশমন্ডির স্কুল ছাত্রীর

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৯ ডিসেম্বর: স্কুলের পরীক্ষা শেষে বন্ধুর সঙ্গে ফাঁকা মাঠে গল্প কিশোরীর। আপত্তিকর অবস্থায় আটক করল স্থানীয়রা। এরপর চলে মাতব্বরদের উপস্থিতিতে সালিশি সভা। যেখানে অভিভাবকদের বকাবকিতেই অভিমানে গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হল অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের উদয় পঞ্চায়েতের পূর্ব্বসুল এলাকার। এদিন মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় কুশমন্ডি থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃত ওই ছাত্রীর নাম কোয়েল। বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পথে বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিল সে। যেখানেই আপত্তিকর অবস্থায় তাদের ধরে ফেলে স্থানীয়রা বলে অভিযোগ। এরপরেই ছেলে ও মেয়ে উভয় পরিবারের লোকেদের ডেকে এই ঘটনা নিয়ে অভিযোগ জানায় স্থানীয়রা। তাদের উপস্থিতিতেই স্কুল ছাত্রীকে বকাবকি করেন তার মা বাবা। আর এরপরেই বাড়িতে গিয়ে নিজের ওড়না গলায় জড়িয়ে আত্মঘাতী হয় ওই স্কুল ছাত্রী। যে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত ছাত্রীর পরিবারে।

মৃতার কাকা ব্রজগোপাল সরকার জানিয়েছেন, অষ্টম শ্রেণির শারীরিক পরীক্ষা দিয়ে ফাঁকা মাঠে বন্ধুর সঙ্গে গল্প করছিল। সেখান থেকেই তাঁদের আটক করা হয়েছিল। সালিশি সভায় বকাবকিও করা হয়। সেখান থেকে সাইকেল নিয়ে আগেই বাড়ি চলে আসে কোয়েল। ফাঁকা বাড়িতে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। তাঁর অনুমান সকলের সামনে বকাবকি করায় এই ঘটনা।

কুশমন্ডি থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *