সুন্দরবন পরিদর্শনে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১২ সেপ্টেম্বর:
রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে সুন্দরবনের নাম রয়েছে। এবার সেই পর্যটন কেন্দ্রকে কিভাবে আরও আকর্ষণীয় করে তোলা যায় পর্যটকদের কাছে তা নিয়ে শুরু হয়েছে ভাবনা চিন্তা। দফতরের আধিকারিকদের সাথে নিয়ে সেই কারণে তিনদিনের সুন্দরবন সফরে এসেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।

গত বৃহস্পতিবার তিনি আসেন সুন্দরবনে। দুদিন সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে শনিবার সকাল সাড়ে আটটায় পৌঁছন সুন্দরবনের গোসাবা ব্লকের সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের দয়াপুরে। এই দয়াপুরের বীনাপানিপাড়া এলাকায় ২২টি হোম স্টে তৈরির পরিকল্পনা ছিল স্থানীয় প্রশাসনের। সে বিষয়ে প্রস্তাবও পর্যটন দফতরের কাছে জমা দেওয়া হয়েছিল, কিন্তু কোনও বিশেষ কারণে তা হয়ে ওঠেনি। এদিন মন্ত্রী সেই এলাকাতেই যান পরিদর্শনে। কথা বলেন সাধারণ মানুষের সাথে। কিভাবে এই এলাকায় পর্যটনকে আরও বেশি করে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলা যায় সে বিষয়ে গ্রামবাসীদের সাথে কথাও বলেন তিনি।

পাশাপাশি সুন্দরবনের বুকে পরপর দু দুটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ায় পর্যটন কেন্দ্রগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। কিন্তু সেই ক্ষতি সামলে পর্যটন কেন্দ্রগুলিকে কতটা পর্যটকদের ভ্রমণের জন্য প্রস্তুত করা গিয়েছে, কিম্বা আরও কি কি করলে সুন্দরবনের এই পর্যটন কেন্দ্রগুলি পর্যটকদের কাছে আরও বেশি করে আকর্ষণীয় হতে পারবে সে বিষয়ে দফতরের আধিকারিকদের সাথে বারে বারে কথা বলেন মন্ত্রী। পাশাপাশি এলাকার রাস্তায় ঘুরে রাস্তার উন্নয়ন, নদীবাঁধ নিয়েও মানুষের সাথে কথা বলেন মন্ত্রী। করোনা সংক্রমণের জন্য বর্তমানে সুন্দরবনে পর্যটন বন্ধ রয়েছে, দ্রুত যাতে সেই পর্যটন পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় মন্ত্রীর কাছে পর্যটন ব্যবসায়ীরা সেই আবেদন রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *