পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ ডিসেম্বর: শুক্লা অষ্টমীতে প্রত্যন্ত গ্রামীন এলাকায় শুরু হলো ঐতিহ্যবাহী গৌরাঙ্গ জিউ’য়ের রাস উৎসব ও মেলা। মঙ্গলবার রাতে ২৬তম বর্ষের এই রাস উৎসবের সূচনা হয়। রাস উৎসবের সূচনাতে গ্রামের প্রতিষ্ঠিত গৌরাঙ্গ জিউ’য়ের মন্দির থেকে খোল কীর্তন সহযোগে এলাকার রাসের মন্ডপে আনা হয় মহাপ্রভুকে। এরপর শুরু হয় পূজার্চনা। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার কুঞ্জপুরে প্রতিবছরের মতো এ বছরও শুরু হলো এই রাস উৎসব ও মেলা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী শুক্রবার পর্যন্ত।

রাস উৎসবকে কেন্দ্র করে প্রতিদিন থাকছে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সঙ্গে থাকছে কুড়ি প্রসাদের ব্যবস্থা। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মসূচিও করে থাকেন উদ্যোক্তারা বলে জানিয়েছেন তারা। শুক্রবার অর্থাৎ রাস উৎসবের শেষ দিন সামাজিক কর্মসূচি হিসাবে থাকে আশেপাশের কয়েকটি গ্রাম সহ উক্ত গ্রামের মানুষদের বসে প্রসাদ গ্রহণের ব্যবস্থা। সবমিলিয়ে প্রত্যন্ত গ্রামীন এলাকায় শুক্লা অষ্টমীর ঐতিহ্যবাহী গৌরাঙ্গ জিউয়ের এই রাস উৎসবকে কেন্দ্র করে এলাকাবাসীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।


