আমাদের ভারত, ১ মার্চ:চার দিনের ব্যবধানে আবারও রান্নার গ্যাসের দাম বাড়লো ২৫ টাকা। এরফলে তিন মাসে দফায় দফায় রান্না গ্যাসের দাম বাড়লো মোট ২২৫ টাকা। সম্ভবত এই প্রথম এক মাসে চারবার রান্নার গ্যাসের দাম বাড়ল। এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম আবার ২৫ টাকা বাড়ায় স্বভাবতই মাথায় হাত আমজনতার।
পয়লা মার্চ থেকে আরো চড়া দামে গ্যাসের সিলিন্ডার কিনতে হবে সাধারণ মানুষকে। রবিবার মধ্যরাত থেকেই রান্নার গ্যাসের নয়া দাম কার্যকর হয়েছে। কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৮৪৫টাকা ৫০ পয়সা। এর আগে ২৫ ফেব্রুয়ারি ২৫ টাকা বেড়ে ভর্তুকিযুক্ত রান্না গ্যাসের দাম ৮০০ টাকার গন্ডি পেরিয়ে ৮২০টাকা ৫০ পয়সা হয়েছিল। রান্নার গ্যাসের পাশাপাশি বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে ৯৭ টাকা ৫০ পয়সা বেড়ে আজ থেকে কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম হল১৬৮১ টাকা ৫০ পয়সা।
ভারতের সর্বকালের রেকর্ড ছুঁয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। তার ওপর রান্নার গ্যাসের দাম বাড়ায় মধ্যবিত্তের মাথায় হাত পড়াই স্বাভাবিক। একমাসে চারবার রান্নার গ্যাসের দাম বাড়লেও ব্যবহৃত সিলিন্ডারের দাম বাড়লেও ভর্তুকি কিছুই বাড়েনি। এখনো পর্যন্ত ভর্তুকি কি হতে পারে সে বিষয়ে কিছুই জানানো হয়নি।

