সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ জুন:
বড়জোড়ার পখন্না গ্রামে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ হলেন এক নাবালিকা সহ ৬ জন। জখম ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ সকালে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার বড়জোড়া ব্লকের পখন্না গ্রামের রাখহরি ধাড়া বাড়িতেই একটি মুদির দোকান চালান। এদিন সকালে দোকানে গ্রামের অনেকেই বিভিন্ন জিনিস কেনাকাটা করতে এসেছিলেন। সেই সময় আচমকাই দোকান লাগোয়া ধাড়া পরিবারের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার সশব্দে ফেটে যায়। এরপরই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির একাংশে। আগুনে পুড়ে গুরুতর জখম হন পরিবারের ২ জন সদস্যা সহ দোকানে কেনাকাটা করতে আসা আরো ৪ জন। আহত ৬ জনকেই দ্রুত উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের শরীরের বিভিন্ন অংশ গুরুতর ভাবে পুড়ে যাওয়ায় তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জখম ব্যক্তিদের মধ্যে পাপিয়া চ্যাটার্জি নামে এক নাবালিকা রয়েছে। বাকিরা হলেন সুমিত্রা চ্যাটার্জি, পিউ চ্যাটার্জি, নন্দরানী দাস, ছবি ধাড়া ও দোকান মালিক রাখহরি বাবুর স্ত্রী কবিতা ধাড়া।

