আমাদের ভারত, হাওড়া, ২০ এপ্রিল: লাগামছাড়া করোনা। কিছুতেই বাগে আনা যাচ্ছে না এই সংক্রমণকে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর করোনার এই বাড় বাড়ন্ত রুখতে এবার রাজ্যের অন্যতম গড়চুমুক পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিল হাওড়া জেলা পরিষদ।
হাওড়া জেলা পরিষদ সূত্রে খবর, বুধবার থেকে আগামী ১৫ মে পর্যন্ত পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনার দ্বিতীয় ঢেউতে বিপর্যস্ত রাজ্য। মঙ্গলবারেও আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার। করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। মাস্ক পরা ছাড়াও সাধারণ মানুষকে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও মানুষ সেই পরামর্শ না মানায় এবার গড়চুমুক পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিল হাওড়া জেলা পরিষদ। হাওড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য জানান, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছরেও করোনা সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে গড়চুমুক পর্যটন কেন্দ্র বন্ধ রাখা হয়েছিল। প্রায় ৭ মাস বন্ধ থাকার পর পুজোর আগে এই পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আবার দরজা বন্ধ হয়ে গেল এই পর্যটন কেন্দ্রের।

