‘উদ্যান পালন সপ্তাহ’ শুরু হল পুরুলিয়ায়, হবে তাল উৎসব

সাথী দাস, পুরুলিয়া, ২২ আগস্ট: আলোচনা চক্রের মধ্য দিয়ে ‘উদ্যান পালন সপ্তাহ’ শুরু হল পুরুলিয়ায়। পুরুলিয়া জেলা পরিষদের সভাকক্ষে প্রদীপ প্রজ্জ্বলন ও ফলের চারায় জল সিঞ্চন করে এর উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের মন্ত্রী সন্ধ্যা রানি টুডু। ছিলেন জেলা শাসক, অতিরিক্ত জেলাশাসক ছাড়াও জেলা পরিষদের সহ সভাধিপতি ও কর্মাধ্যক্ষরা।

আলোচনা চক্রে অংশ নেন বিভিন্ন ব্লকের প্রগতিশীল কৃষকরা। উদ্যান পালন বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের শেষে দিকে বর্ষাকালীন পেঁয়াজ চাষ সম্পর্কে উৎসাহিত করা হয়। কৃষকদের হাতে প্যাকেট বন্দি পেঁয়াজের বীজ বিতরণ করা হয়। সপ্তাহ ব্যাপী জেলার বিভিন্ন জায়গায় ফলের চারা রোপণ, বিদ্যালয়ে পুষ্টি বাগান স্থাপন এবং শেষ দিনে তাল দিবস উদযাপন করবে দফতর।

রঘুনাথপুর মহকুমাশাসকের কার্যালয় চত্বরে তালের প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানান উপ উদ্যান পালন আধিকারিক ড: সমরেন্দ্রনাথ খাঁড়া।

এদিনের অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের প্রথাগত বসার জায়গা নিয়ে প্রতিবাদ হয়। পরে আয়োজকদের পক্ষ থেকে ত্রুটির জন্য ক্ষমা চাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *