স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৪ মে:
রাস্তার পাশে জমা করতে করতে কার্যত পাহাড়ের আকার ধারণ করেছে মৃত পশুর দেহ থেকে শুরু করে নোংরা আবর্জনা। এমনই চিত্র নদিয়ার রানাঘাট থানার নোকাড়ী অঞ্চলের কুপার্স ক্যাম্প যাওয়ার রাস্তার।
স্থানীয়দের অভিযোগ, আবর্জনার স্তুপ পাহাড়ের আকার ধারণ করলেও তা পরিষ্কার করছে না পঞ্চায়েত। আর তার জেরেই ওই স্তুপ থেকে ছড়ানো দুর্গন্ধের জেরে ব্যাপক ভাবে দূষিত হচ্ছে পরিবেশ। যদিও নোকাড়ী গ্রাম পঞ্চায়েত প্রধান ভানুমতী মিস্ত্রিও জানেন এই নারকীয় অবস্থার কথা। কিন্তু তিনি দোষ চাপিয়েছে কুপার্স নোটিফাইড অথরিটির ঘাড়ে। তিনি অভিযোগ করেছেন, এখানে মৃত পশু থেকে শুরু করে সমস্ত রকম নোংরা ফেলছে কুপার্স নোটিফাইড অথরিটি। একাধিকবার তাদের অনুরোধ করলেও সূরাহা হয়নি আজও। জায়গাটি তাদের গ্রাম পঞ্চায়েত অধীন। কিন্তু এক প্রকার জোর করেই তাদের জায়গায় নিয়মিত নোংরা ফেলছে কুপার্স নোটিফাইড অথরিটি।

আবর্জনার পাহাড় এবং মরা জীবজন্তু থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে ওই রাস্তা দিয়ে চলাফেরা অসম্ভব হয়ে উঠেছে গ্রামের মানুষের। পঞ্চায়েত প্রধানের অভিযোগ, গত ১০ বছর ধরে কুপার্স নোটিফাইড অথরিটি একইভাবে নোংরা ফেলছে। একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কাজ হচ্ছে না বলে দাবি পঞ্চায়েত প্রধানের। এব্যারে রানাঘাট মহকুমা শাসক রানা কর্মকার’কে জানালে তিনি, যত দ্রুত সম্ভব সমাধান করা হবে বলে জানিয়েছেন।

