স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ এপ্রিল: গাঙনাপুর গণধর্ষণ কান্ডে দ্বিতীয় বার ময়না তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, নির্দেশ মেনে দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হল।
নদিয়ার গাঙনাপুরে গত ৬ মার্চ এক গৃহবধূকে গণধর্ষণ ও পরে কীটনাশক খাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ১৪ ই মার্চ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় হাসপাতালে। পরিবারের অভিযোগ, থানা অভিযোগ নেয়নি। পরবর্তী সময়ে নির্যাতিতার পরিবার হাইকোর্টের দ্বারস্থ হন। এরপরে দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
ইতিমধ্যেই গাঙনাপুর থানার পুলিশ ৬ জনকে গণধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার করেছে। পরবর্তী সময়ে আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করে নির্যাতিতার পরিবার।
আজ কবর থেকে দেহ তুলে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্রাট বাগচী বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মৃতার দেহ কবর থেকে তোলা হয়। তারপর ম্যাজিস্ট্রেটের যে সমস্ত নিয়ম আছে সেগুলো সম্পন্ন করা হল। বাকিটা পুলিশকে রিপোর্ট দেওয়া আছে। পরবর্তী পদক্ষেপ আইন মোতাবেক চলবে।

নির্যাতিতা পরিবারের আইনজীবী বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশে আজ দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য দেহ তোলা হল। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ উপস্থিত ছিলেন। পুরো প্রক্রিয়াটির ভিডিওগ্রাফি করা হয়েছে।
নির্যাতিতার মা বলেন, হাইকোর্ট বলেছে ময়নাতদন্ত হবে, তাই ওরা নোটিশ দিয়েছিল। আগের দিন ওরা দেয়নি। সম্মতি দেওয়ার পরেই হয়েছে। সমস্ত নিয়ম মেনে হয়েছে। আমি চাই আসামিরা সাজা পাক।

