স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ আগস্ট:
শান্তিপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের চর সারাগর এলাকায় গঙ্গা ভাঙ্গনের করাল গ্রাসে বিঘার পর বিঘা চাষের জমি সহ এগারোটি পরিবারের নিঃশ্বেষ হয়ে গিয়েছিল বছরখানেক আগে। স্থায়ী পার বাঁধানোর ব্যবস্থা না হওয়ার কারণে কিছুদিন আগে পাঁচটি পরিবারকে অন্যত্র চলে যেতে হলে, এলাকাবাসীরা বিক্ষোভ দেখায় জাতীয় সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে। সেই সময় প্রশাসনিক একাধিক কর্মকর্তারা আশ্বস্থ করেছিলেন। সায় দিয়েছিলেন জনপ্রতিনিধিরাও। কিন্তু গতকাল রাতে, সন্ধে সাতটার পর থেকে দূরাবস্থার কথা জানাতে এলাকার বাসিন্দারা একাধিকবার ফোন করেছিলেন, কিন্তু অভিযোগ কেউই তাদের পাশে এসে এসে দাঁড়ায়নি। সাংসদ এবং বিধায়ক পদে জয় লাভ করা জগন্নাথ সরকারকে জানালে তিনি দিল্লিতে রয়েছেন বলে জানা যায়। তবে দলীয় কর্মী সমর্থকরা তাদের পাশে থাকার আশ্বাস দিলেও, রাতের অন্ধকারে খুঁজে পাওয়া যায়নি তাদের কাউকেই।

কষ্টার্জিত অর্থে তিল তিল করে গড়ে তোলা বাড়িঘর, কল, পায়খানা, বাথরুম একের পর এক ঝুপ ঝাপ শব্দে ভেঙ্গে পড়ছে গঙ্গাবক্ষে। ইলেকট্রিক পোল আগেই তলিয়ে গেছে জলের মাঝে, তাই অন্ধকার অবস্থায় অত্যন্ত প্রয়োজনীয় ঘরের কিছু জিনিসপত্র, সরানোর কাজ করছেন পুরুষরা। শিশুদের নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। কিন্তু সারা রাত দু’চোখের পাতা এক হয়নি, ওই এলাকায় বসবাসকারী মানুষদের। কারণ অন্ধকারে সলিল সমাধির আশঙ্কায় প্রতিটা মুহূর্ত জেগে কাটাচ্ছেন তারা।


