সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ ডিসেম্বর: মেজিয়া শিল্পাঞ্চলের গঙ্গাজলঘাঁটি থানার নিধিরামপুরে একটি বেসরকারি রোলিং মিলে আয়কর দপ্তর হানা দিলে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সুত্রে জানাগেছে, আজ সকাল ১০টার সময় আয়কর দপ্তরের বেশ কিছু আধিকারিক কেন্দ্রীয় বাহিনী নিয়ে শ্রী রামদূত রোলার্স নামে নিধিরামপুরের ওই লোহার রড তৈরির কারখানায় প্রবেশ করে। আয়কর হানার কারণ জানা যায়নি।
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রথমে গোটা কারখানার চত্বর ঘিরে ফেলে। তারপর ভিতরে ঢুকে কর্মরত শ্রমিকদের বের করে দেন। ভিতরে যেসব পন্যবাহী গাড়ি ছিল সেগুলিও তল্লাশি করে বের করে দেন। এরপর কারখানার মূল দরজা ও শ্রমিকদের প্রবেশ ও প্রস্থানের দরজাও ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয়দের কাছ থেকে জানাগেছে, বছর কুড়ি আগে এই স্পঞ্জ আয়রন কারখানাটি নির্মাণ হয়। কিছুদিন চলার পর তা বন্ধ হয়ে যায়। এরপর বছর পাঁচেক আগে নতুন মালিক কারখানা কিনে নিয়ে রোলিং মিল চালু করেন। মালিক কোথাকার তা স্থানীয় বাসিন্দারা বলতে পারেননি। কারখানার ভেতরে ঢোকার সময় আয়কর আধিকারিকরা কোনো কথা বলতে চাননি। এদিন সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাদের তল্লাশি শেষ হয়নি বলে জানাগেছে। ঘটনার বিষয় প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন কারখানা কর্তৃপক্ষ।

