দেশের সাংস্কৃতিক ভিতের সঙ্গে সংযোগ বৈচিত্র্যকে নতুন করে আবিষ্কারের সুযোগ করে দেবে গঙ্গা বিলাস: মোদী

আমাদের ভারত, ১১ জানুয়ারি: বিশ্বের দীর্ঘতম বিলাস তরি হিসেবে যাত্রা শুরু করতে চলেছে গঙ্গা বিলাস। ১৩ জানুয়ারি বিশ্বের বৃহত্তম ক্রুজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৫১ দিনে বারানসি থেকে ডিব্রুগড় যাবে গঙ্গা বিলাস নামে এই বিলাসবহুল ক্রুজটি। ভারত ও বাংলাদেশের পাঁচটি রাজ্য জুড়ে ২৭টি নদী, প্রণালীতে ৩২০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দেবে ক্রুজটি। প্রথম যাত্রায় গঙ্গা বিলাসে সুইজারল্যান্ডের ৩২ জন পর্যটক বারানসি থেকে ডিব্রুগড়ে যাত্রা করবেন। এই ক্রুজ সম্পর্কে মোদী বলেছেন, দেশের সাংস্কৃতিক ভিতের সঙ্গে সংযোগ ও দেশের বৈচিত্রের সুন্দর দিকগুলি নতুন করে আবিষ্কার করার এক অনন্য সুযোগ করে দেবে এই গঙ্গা বিলাস।

বুধবার এই বিলাসবহুল ক্রজ সম্পর্কে টুইটারে একটি পোস্ট করেন কেন্দ্রের পণ্য পরিবহন ও জলপথের মন্ত্রী সর্বানন্দ সানোয়াল। তিনি লেখেন, বিশ্বের কিছু বড় বড় নদীর উপর ভারতের প্রাচীন ঐতিহ্যের মধ্যে দিয়ে যাত্রা। বিশ্বের দীর্ঘতম ক্রুজ গঙ্গা বিলাস। ১৩ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন। এই জাঁকজমক পূর্ণ যাত্রায় যোগ দিন। সেই টুইটের প্রতিক্রিয়াতেই মোদী লিখেছেন, দেশের সাংস্কৃতিক শেকড়ের সঙ্গে সংযোগের এবং এর বৈচিত্র্যের সুন্দর দিকগুলি নতুন করে আবিষ্কার করার এক অনন্য সুযোগ করে দেবে গঙ্গা বিলাস।

১৩ই জানুয়ারি মোদীর নির্বাচন কেন্দ্র থেকে ক্রুজটি ছেড়ে যাবে। ক্রুজটি একাধিক রাজ্য ঘুরে অসমের ডিব্রুগড়ে যাত্রা শেষ করবে। ৫১ দিনের এই যাত্রায় দেশের ঐতিহ্যবাহী স্থান, জাতীয় উদ্যান, নদীর ঘাট, বিহারের পাটনা, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ, পশ্চিমবঙ্গের কলকাতা, অসমের গুয়াহাটি, বাংলাদেশের ঢাকা এবং অন্যান্য বড় বড় শহর সহ মোট ৫০ টি পর্যটন কেন্দ্র পরিদর্শনের পরিকল্পনা রয়েছে ক্রুজের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *