কলকাতার রাজপথে হাঁটছেন গান্ধী! অভিনব গান্ধী জয়ন্তী আইএনটিইউসি সেবা দলের

রাজেন রায়, কলকাতা, ২ অক্টোবর: শনিবার সকালে আইএনটিইউসি সেবাদলের একটা মিছিল দেখে বিস্মিত পথচলতি অনেকেই। কারণ মিছিলের পুরোভাগে রাস্তায় হাঁটছেন স্বয়ং মহাত্মা গান্ধী। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মহাত্মা গান্ধীর মত এক ব্যক্তিকে সাজিয়ে অভিনব পদ্ধতিতে এভাবেই ১৫২ তম গান্ধীজির জন্ম জয়ন্তী পালন করল আইএনটিইউসি সেবা দল।

দেখা গেল কলকাতার রাজপথে ডাণ্ডি হাতে সদর্পে হাঁটছেন গান্ধীজি। এমনকি দেশের সাম্প্রতিক অবস্থার প্রতিবাদে তিনি নিলেন মৌনব্রত। বউবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে আইএনটিইউসি সেবা দল এভাবেই গান্ধীজির প্রতি তাঁদের শ্রদ্ধা অপর্ণের মাধ্যমে মানুষকে একটি বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করল। আজ কংগ্রেসের আইএনটিইউসি সেবা দল ‘বাপু’ মহাত্মা গান্ধীর ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবিতে মাল্যদানের মাধ্যমে তাঁদের কর্মসূচি শুরু করে।

তাঁদের বক্তব্য, গান্ধীজি যদি আজ বেঁচে থাকতেন তাহলে ভারতবর্ষের এই চরম দুর্দশা নিজের চোখে দেখতে পারতেন না, নরেন্দ্র মোদী ব্রিটিশ আইনকে ভুলতে পারছে না, তারই প্রতিফলন দেখা যাচ্ছে এই মোদী সরকারের আমলে। মোদী সরকারের আমলে একের পর এক লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দেওয়া হচ্ছে বেসরকারি সংস্থার হাতে। নিজস্ব যে পিএম কেয়ার ফান্ড ও আরটিআই আছে তা সাধারণ মানুষ জানতে পারবেন না কেন? প্রশ্ন তুলেছে সেবাদল। তাই আজ গান্ধী মৌনব্রত ধারণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *