“তৃণমূলের দলদাসের কাজ করছেন গাইঘাটার বিডিও,” বললেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ২১ ডিসেম্বর: বেছে বেছে তৃণমূল নেতাকর্মীদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিয়েছে এই বিডিও। বুধবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিডিও অফিসে স্মারকলিপি দিতে এসে এমনই বললেন, বনগাঁর দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তিনি বলেন, আমার বিধানসভা এলাকায় কোনো অনৈতিক কাজ হতে দেব না।

এই বিডিও বেছে বেছে তৃণমূল নেতা কর্মীদের প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের তালিকায় নাম তুলেছেন। এই রাজ্যের শাসক দলের সবাই চোর। নেতা মন্ত্রী থেকে উঁচু ও নিচু তলার কর্মীরাও। তাঁদের সঙ্গে দলদাসের কাজ করছেন গাইঘাটার বিডিও। এদিন তিনি বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, সামনেই পঞ্চায়েত ভোট। তৃণমূল নেতারা অনেক ভাবে প্রভাবিত করবে, ভয় দেখাবে। আমি স্বপন মজুমদার বলছি কোনো তৃণমূল নেতাকে ভয় পাবেন না। ভয় দেখাতে এলে চ্যালা কাঠ দিয়ে পেটাবেন। স্বপনবাবু বলেন, “মোদীকে কোমরে দড়ি দিয়ে ঘোরাবেন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আপনার কাছে যে দড়ি রাখা আছে তা আপনি খুব যত্ন করে রেখে দিন, এই দড়ি আপনার আর আপনার ভাইপোর কোমড়ে পরিয়ে গারদে ঢোকাবে আপনার পুলিশ। খুব তাড়াতাড়ি সেই দিন আসছে।

তিনি বলেন, আজ প্রায় ৬০০ দিন ধরে বেকার যুবক যুবতীরা ন্যায্য চাকরির জন্য আন্দোলন করছে, আর আপনি আপনার পুলিশ দিয়ে বারবার তাঁদের উপরে আঘাত আনছেন। এর জবাব তো আপনাকে পেতেই হবে। তখন কারও পা ধরেও কোনো লাভ হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *