আমাদের ভারত, শিলিগুড়ি, ৮ আগস্ট: রবীন্দ্রনাথ আপামর বাঙালীর মধ্যে জনপ্রিয়। তাঁর গান গুনগুন করতে করতে আড্ডাও মারে বাঙালী। তাই তাঁর জন্মদিন হোক কিংবা তিরোধান দিবস তা সাড়ম্বরে পালন করা হয়। কিন্তু করোনার কারণে এখন এসবই বাদ। গতবছর তো ভার্চুয়ালি পালিত হয় সব কিছুই। এবছর অবশ্য একমাত্র শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে বাঘাযতীন পার্কে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করা হয়।
রবিবার বৃষ্টিভেজা সকালেই রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করেন প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব সহ প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার ও বিবেক বৈদ্য। এছাড়া রবীন্দ্র মঞ্চে সমবেত সঙ্গীত গেয়ে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় শিল্পীদের পক্ষ থেকে। গৌতম দেব বলেন, “আমাদের শহরে সাংস্কৃতিক জগতের এত মানুষ থাকা সত্ত্বেও রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তি নেই। এয়ারভিউ মোড়ে আমরা জমির জন্য বলেছি। যদি সরকার থেকে সেটা আমরা পেয়ে যাই তাহলে ব্রোঞ্জের একটি পূর্ণাবয়াব মূর্তি বসানো হবে রবিঠাকুরের। শুধু তাই নয় সূর্যসেন পার্কে আমরা একটা রবীন্দ্র মিউজিয়াম খুলব বলেও চেষ্টা চালাচ্ছি।
ইতিমধ্যেই এবিষয়ে আমরা কলকাতায় কথা বলেছি। মিউজিয়ামে রবিঠাকুরের নানান অজানা তথ্য জানতে পারবে সকলেই।” তাঁর আরও বক্তব্য, আমি চাই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র চর্চা শুরু হোক। এবিষয়ে আমি একবার উপাচার্যের সাথে কথা বলেছিলাম। প্রয়োজনে তাঁর সাথে আবারও কথা বলব।

