Vidyasagar University, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ফুলব্রাইট ফেলো অধ্যাপিকা শৌরসেনী সেন রায়কে সংবর্ধনা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ফুলব্রাইট ফেলো অধ্যাপিকা শৌরসেনী সেন রায়ের বরণানুষ্ঠান। অধ্যাপিকা সেন রায়ের তিন সপ্তাহের নিবিড় ফুলব্রাইট গবেষণা প্রকল্পের আয়োজক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পেরে গর্বিত এই বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার অনুষ্ঠানের উদ্বোধন করে মাননীয় উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর জানান, এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের ‘মিট দ্য ফুলব্রাইটার্স’ (Meet the Fulbrighters) উদ্যোগেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিকীকরণ ও আন্তঃবিভাগীয় গবেষণার প্রসার ঘটানোই এই কর্মসূচির মূল লক্ষ্য, যা শিক্ষার্থীদের বিশ্ববরেণ্য গবেষকদের সংস্পর্শে আসার সুযোগ করে দেবে। মায়ামি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সফর এক দীর্ঘমেয়াদী ও ফলপ্রসূ শিক্ষা-সম্পর্কের সূচনা করবে বলেও তিনি আশাপ্রকাশ করেন।

রিমোট সেন্সিং ও জিআইএস বিভাগের অধ্যাপিকা ড: দীপান্বিতা দত্ত এই গবেষণা পর্বে মেন্টর বা পরামর্শদাতার ভূমিকা পালন করবেন। জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ জলস্তর ও লবণাক্তকরণের ফলে সৃষ্ট পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় ‘রিমোট সেন্সিং’ প্রযুক্তির সম্ভাবনা নিয়ে অধ্যাপিকা সেন রায় ও ড: দত্ত যৌথভাবে গবেষণা চালাবেন।

অনুষ্ঠানে কলকাতার ইউএসআইইএফ (USIEF)-এর প্রোগ্রাম ম্যানেজার ঝুলন ঘোষ শিক্ষক ও গবেষকদের জন্য ফুলব্রাইট ফেলোশিপের বিভিন্ন দিক তুলে ধরেন। এ ছাড়াও নিজেদের অভিজ্ঞতার কথা জানান ফুলব্রাইট পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রনীল আচার্য ও অধ্যাপিকা অস্মিতা ভট্টাচার্য। রিমোট সেন্সিং ও জিআইএস বিভাগের প্রধান ড: যতিশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *