আমাদের ভারত, ২৪ মে: পেট্রোল ডিজেলের উপর থেকে আন্তঃ শুল্ক কমিয়েছে মোদী সরকার। এর ফলে এক ধাক্কায় বেশ কিছুটা দাম কমেছে পেট্রোল-ডিজেলের। এবার তার রেশ বজায় রেখে দাম কমলো সরষের তেলের। ইন্দোনেশিয়া তার ভোজ্য তেল রপ্তানি আবার চালু করার কারণেই সস্তা হয়েছে ভোজ্য তেল বলে মনে করছেন তেল ব্যবসায়ী মহল।
ইন্দোনেশিয়া ভোজ্য তেল রপ্তানি বন্ধ করে দিয়েছিল বেশ কিছু দিন। আর এর ফলেই বিশ্বজুড়ে ভোজ্যতেলের দাম এক লাফে বেড়ে যায়। কিন্তু ইন্দোনেশিয়া সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ফলে ভারতেও ভোজ্য তেলের দাম কমতে শুরু করেছে। দাম কমেছে তৈল বীজের। গত সপ্তাহে সর্ষের দাম কুইন্টালে কমপক্ষে ১০০ টাকা কমেছে।
তৈল বীজের দাম কম হওয়ায় কুইন্টাল প্রতি দাদরি সর্ষের তেলের দাম আড়াইশো টাকা কমে ১৫০৫০ টাকা হয়েছে। অন্যদিকে ১৫ কেজি টিনের কাচ্চি ঘানি ও পাক্কি ঘানি সর্ষে তেলের দাম কমেছে ৪০ টাকা।
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বাড়ায় দাম বেড়েছিল সয়াবিন তেলের। সেই দামও কমেছে, কুইন্টাল প্রতি ১০০ টাকা কমেছে সয়াবিন তেলের দাম। পাশাপাশি বাদাম তেলের দাম ১৫ কেজি টিনে ২৫ টাকা কমেছে। দাম কমেছে পামতেলেরও।

