রাজ্যে আংশিক লকডাউন! বন্ধ লোকাল ট্রেন, জারি একাধিক বিধিনিষেধ

আমাদের ভারত, ৫ মে :বাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর শপথ গ্রহণের পরই নবান্নে প্রথম সাংবাদিক বৈঠক করে রাজ্যে করোনা মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান বাংলায় সম্পূর্ণ লকডাউন জারি করা হচ্ছে না। তবে একাধিকবিধি নিষেধ জারি করা হলো। আগামিকাল থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ করা হচ্ছে। যদিও গত কয়েকদিন ধরেই পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখায় একাধিক রেলকর্মী করোনায় আক্রান্ত হবার কারণে ট্রেনের সংখ্যা কমে ছিল। এবার সম্পূর্ন বন্ধ করা হলো।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন রাজ্যে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য সরকার অফিসে ৫০% হাজিরা করা হয়েছে। শপিং মল, স্পা, জিম, বার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সমস্ত সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সমাবেশ বন্ধ থাকবে। ৫০ জনকে নিয়ে বিয়েবাড়ি বা অন্য অনুষ্ঠান করা যাবে, তবে তার জন্য অনুমতি নিতে হবে।

রবীন্দ্রজয়ন্তী এবারেও ভার্চুয়ালি পালন করতে হবে। বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০ টা, ও বিকেল পাঁচটা থেকে সাতটা। ব্যাঙ্ক দুপুর সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে।

গণপরিবহনের সংখ্যা অর্ধেক করা হবে। অর্ধেক সংখ্যায় চলবে মেট্রো। গয়নার দোকান খোলা থাকবে বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত। বিমান যাতায়াতে কোভিড নেগেটিভ রিপোর্ট লাগবে। বেসরকারি সংস্থার কর্মীকে ওয়ার্ক ফর্ম হোম করতে হবে। দূরপাল্লার ট্রেন ও আন্তঃরাজ্য বাস পরিষেবায় কোভিড রিপোর্ট নেগেটিভ থাকতে হবে।

একইসঙ্গে মুখ্যমন্ত্রীর জানিয়েছেন ২.৭৫ লাখ কোয়াক ডাক্তার রয়েছে, তাদের সাহায্য চাওয়া হবে। গ্রামে কেউ আক্রান্ত হলে সে ব্যাপারে নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হবে। প্রায় দেড় কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে, আরও তিন কোটি ভ্যাকসিন কেন্দ্রের কাছে চাওয়া হয়েছে। ২৭ হাজার বেড রয়েছে, তবে বেডের সংখ্যা আরোও বাড়ানো হবে খুব তাড়াতাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *