১৪ থেকে ১৮ ডিসেম্বর খড়্গপুরের কলেজ ময়দানে হবে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ নভেম্বর: ক্ষুদ্র ও কুটির শিল্পে এগিয়েছে বাংলা। মাছের আঁশের তৈরি বিভিন্ন জিনিস থেকে গয়না; বড়ি, শালপাতা, পাট, কচুরি পানা থেকে মাদুর; হাতে বোনা জরির শাড়ি, সোনার জল ধরানো অলঙ্কার সবেতেই বাজার ধরতে সক্ষম হয়েছে। বাংলার এসব ক্ষুদ্র ও কুটির শিল্পের হাজারো পসরা নিয়ে হতে চলেছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। ১৪ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত পশ্চিম মেদিনীপুরের শিল্প তালুক হিসেবে পরিচিত খড়্গপুরের কলেজ ময়দানে এই মেলা অনুষ্ঠিত হবে।
শুক্রবার মেদিনীপুরে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান এমএসএমই কমিটির কো- চেয়ারম্যান ইন্দ্রনীল দত্ত।

এমএসএমই-র দুর্গাপুর আঞ্চলিকের জয়েন্ট ডিরেক্টর প্রদীপকুমার দাস জানান, কোভিড অতিমারির ধাক্কা সামলে উঠে দেশের মধ্যে বাংলার ক্ষুদ্র কুটির শিল্প দারুণ ভাবে এগিয়ে চলেছে। উৎপাদন মুখী ক্ষুদ্র শিল্পের সম্ভাবনাময় রাজ্য হিসেবে এগিয়েছে বাংলা। প্রায় দেড় কোটি মানুষের কর্ম সংস্থানের ব্যবস্থা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল চেম্বার অব কমার্সের ডাইরেক্টর সোমা মিত্র মুখার্জি, চেম্বার অব কমার্সের সভাপতি আনন্দগোপাল মাইতি, সম্পাদক চন্দর রায় সহ অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট জনেরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *