আমাদের ভারত, ১০ জুলাই: সারা দেশ জুড়ে যে নিয়মে চলছে, তা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে ঝাড়খন্ডের দুটি মুসলিম প্রধান গ্রামে। ঝাড়খণ্ডের জামতারা অঞ্চলে দুটি মুসলিম প্রধান গ্রামে সাপ্তাহিক ছুটির দিন বদল করে দেওয়ার অভিযোগ উঠেছে। সেখানে রবিবারের বদলে শুক্রবার সব প্রাথমিক স্কুল বন্ধ রাখা হচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছে ঝাড়খন্ড সরকার। খবরটি প্রকাশিত হয়েছে এটি জাতীয় স্তরের সংবাদ মাধ্যমে।
ঝাড়খন্ডে উর্দু মাধ্যমের স্কুলগুলিতে শুক্রবার ছুটির নিয়ম চালু হয়েছে বছর খানেক ধরে। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী জামতারা জেলার ১০৮৪টি প্রাথমিক স্কুল রয়েছে। তার মধ্যে ১৫টি উর্দু মাধ্যম স্কুল হিসেবে নথিভুক্ত। অভিযোগ, জামতাড়ার দুটি গ্রাম কার্মাটাঁর এবং নারায়ণপুরের উর্দু স্কুল শুধু নয়, অন্যান্য প্রাথমিক স্কুলেও রবিবারের পরিবর্তে সাপ্তাহিক ছুটি শুক্রবার করে দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, যেহেতু ওই গ্রামের স্কুলগুলিতে মুসলিমদের সংখ্যা অনেক বেশি এবং যেহেতু শুক্রবার মুসলিমদের নমাজ থাকে তাই ওই দিনটিকে সাপ্তাহিক ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রাথমিক স্কুলের ছুটির বিষয়টি স্কুলগুলিতে নোটিশও দেওয়া হয়েছে। বিষয়টি রাজ্য শিক্ষা দপ্তরের জানতে পারার পরেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

