আমাদের ভারত, ব্যারাকপুর ১৮ ফেব্রুয়ারি: ২৭ ফেব্রুয়ারি রাজ্যে পুরভোট অনুষ্ঠিত হতে চলেছে। শান্তিপূর্ণ ভোট করানোর জন্য বাড়তি নিরাপত্তা নেওয়া হচ্ছে রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে। ইতিমধ্যেই স্পর্শকাতর’ জায়গা হিসাবে বেছে নেওয়া হয়েছে ভাটপাড়া পৌর এলাকাকে।
প্রসঙ্গত, এর আগে বিধানসভা নির্বাচনে পার বার বার অশান্ত হতে দেখা গেছে ভাটপাড়া, জগদ্দলের বিভিন্ন এলাকা। তাই পুরভোটের আগে ভাটপাড়াকে শান্ত রাখা ও ভোটের সময় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখার জন্য জগদ্দল থানার পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে তল্লাশি। প্রায় প্রতিদিন ভাটপাড়া ও জগদ্দল থানার বিভিন্ন এলাকায় তল্লাশি চালানোর কাজ করছেন থানার আধিকারিকরা। শুক্রবারও রুটিন মাফিক তল্লাশি করছিল পুলিশ প্রশাসন। সেই তল্লাশির সময় আজ ভাটপাড়া পুরসভার ১৮ নং ওয়ার্ডের জগদ্দলের সার্কাস লাইন এলাকা থেকে পাওয়া যায় ৮ টি তাজা পেট্রোল বোমা।

সূত্রের খবর অনুযায়ী আজ সকালবেলা পুলিশ আধিকারিকরা সার্কাস লাইনের ঘিঞ্জি এলাকায়
বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময় তারা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সার্কাস লাইনে একটি পরিত্যক্ত জায়গায় একটি প্লাস্টিকের ব্যাগে ৮ টি তাজা পেট্রোল বোমা দেখতে পান। এই বোমা উদ্ধারের সঙ্গে সঙ্গে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। কে বা কারা এই বোমা মজুদ করেছিল তার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।
তবে এই গোটা ঘটনায় বিধায়ক সোম নাথ শ্যাম বিজেপি বিরুদ্ধে বোমা মজুতের অভিযোগ এনে বলেন, “ভোটের সময় সন্ত্রাস করার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সাংসদ অর্জুন সিংয়ের কথায় বোমা মজুত করছে। ওই সার্কাস লাইন এখন দুষ্কৃতীদের আখরায় পরিণত হয়েছে।” তবে এই বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। তারা শান্তিপূর্ণ পরিবেশের আবেদন করেছেন পুলিশ প্রশাসনের কাছে।

