ভাঙড়ের বিধায়কের বাড়ির অদূরে উদ্ধার তাজা বোমা, শুরু রাজনৈতিক চাপানউতর

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১২ আগস্ট: ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর ভাড়া করা বাড়ির ঢিল ছোড়া দূরত্ব থেকে উদ্ধার হল তাজা বোমা। বৃহস্পতিবার সকালে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কাশীপুর থানার অন্তর্গত মাঝেরআইট গ্রামে। এলাকায় বোমা রাখার ঘটনায় শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিধায়ক। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন এলাকার তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম। পালটা এই ঘটনায় আইএসএফ কর্মীদের জড়িত থাকার অভিযোগ তুলেছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার ভাঙড়ের মাঝেরআইটে রাত কাটিয়েছেন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী। অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা তার ভাড়া করা বাড়ির পাশেই বোমা মজুত করে রেখেছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় সাধারণ মানুষ বোমা দেখতে পেয়ে কাশীপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোমা উদ্বার করে। বিধায়কের অভিযোগ, ভোটের পর শাসক দলের তরফে একাধিকবার তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এই বোমা মজুত করাও হয়েছে শাসক দলের তরফে। নওসাদ বলেন, “ আমি এই এলাকায় সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ঘর ভাড়া করে থাকছি। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছি। এমতাবস্থায় কিছু দুষ্কৃতি এসব করছে। আমি রীতিমতো আতঙ্কে আছি। পুলিশকে নিরপেক্ষ তদন্ত করার জন্য অনুরোধ করব।”

ঘটনা প্রসঙ্গে এলাকার তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম জানান, “এসব আইএসএফ কর্মীদের কাজ। বিধায়ক পরিকল্পনা মাফিক এসব করছেন। শান্ত এলাকা অশান্ত করার চেষ্টা করছেন তিনি।” কাশীপুর থানার পুলিশ বোমা উদ্ধার করেছে। কে বা কারা এই বোমা এলাকায় রেখে গেল সে বিষয়ে তদন্তও শুরু করেছে কাশীপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *