৪৭ এর স্বাধীনতা ছিল ভিক্ষা, কঙ্গনার মন্তব্যের কারণে পদ্মশ্রী প্রত্যাহারের দাবি, দেশদ্রোহিতার অভিযোগ

আমাদের ভারত, ১৩ নভেম্বর:
১৯৪৭ সালের স্বাধীনতা ছিল ভিক্ষার স্বাধীনতা। এই মন্তব্যের জেরেই অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের পদ্মশ্রী সম্মান প্রত্যাহারের দাবি উঠেছে। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তোলা হয়েছে। অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কংগ্রেস, শিবসেনা, এনসিপি, আম আদমি পার্টির মতো বিরোধীদের পাশাপাশি বিজেপি সহযোগী হিন্দুস্তান আওয়াম মোর্চাও কঙ্গনার পদ্মশ্রী প্রত্যাহারের দাবি তুলেছে। পদ্মশ্রী পাওয়ার পর কঙ্গনা একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, ১৯৪৭ সালের পাওয়া স্বাধীনতা আসলে স্বাধীনতা নয়, সেটা ছিল ভিক্ষা। ভারতের আসল স্বাধীনতা তো ২০১৪ সালে এসেছে। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে ২০১৪ সালে দায়িত্ব ভার নেওয়ার বছরটিকে অভিনেত্রী চিহ্নিত করেন। আর এরপরই ভারতের স্বাধীনতা নিয়ে তাঁর মন্তব্যকে ঘিরে বিতর্কের ঝড় ওঠে।

কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেন, এমন সম্মান দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির মনস্তাত্ত্বিক মূল্যায়ন করা উচিত। তারা যাতে দেশের স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে না পারেন তা নিশ্চিত করা প্রয়োজন। আম আদমি পার্টির তরফে অভিনেত্রীর বিরুদ্ধে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে। কঙ্গনারমন্তব্য নিয়ে টুইট করেছেন বরুণ গান্ধীও। শিবসেনা তরফে কঙ্গনার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করার দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *